ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই নিজের জাত চেনালেন অ্যান্টনি সেমেনিও। বোর্নমাউথ থেকে ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে দলে ভেড়ার পর প্রথম দুই ম্যাচেই গোল করে ক্লাবটির ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছেন ঘানার এই উইঙ্গার।
গত সপ্তাহে সিটিতে যোগ দিয়েই এফএ কাপে এক্সেটারের বিপক্ষে অভিষেক ম্যাচে গোল করেছিলেন সেমেনিও। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন লিগ কাপেও। শনিবার রাতে নিউক্যাসলের মাঠে লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে সিটির ২–০ জয়ের ম্যাচে প্রথম গোলটি আসে তাঁর পা থেকেই।
৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে সিটির হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন সেমেনিও। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান শেরকি। দুই গোলই আসে দ্বিতীয়ার্ধে, যা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ম্যানচেস্টার সিটি।
নতুন দলে প্রথম দুই ম্যাচে গোল করার কীর্তি সিটির হয়ে সবশেষ দেখা গিয়েছিল ২০০৯ সালে। সে সময় ইমানুয়েল আদেবায়োর নিজের প্রথম দুই ম্যাচেই গোল করেছিলেন। প্রায় ১৭ বছর পর সেই তালিকায় যুক্ত হলেন সেমেনিও।
নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে সেমেনিও আরও একবার বল জালে পাঠালেও দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে মাঠে ও ম্যাচ শেষে বিতর্ক দেখা যায়।
নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী এই ঘানিয়ান ফরোয়ার্ড ম্যাচ শেষে জানান, নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পেরেছেন তিনি। সেমেনিও বলেন, ‘এখানকার পরিবেশ দারুণ। সবাই আত্মবিশ্বাসী এবং বড় কিছু জিততে চায়। আমি এমন একটি দলেই আসতে চেয়েছিলাম।’
ভিএআরে বাতিল হওয়া গোল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিটি অধিনায়ক বের্নার্দো সিলভা। তাঁর মতে, ম্যাচটি ৩–০ ব্যবধানে জেতা উচিত ছিল। তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্তে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। এখানে আগেও আমাদের বিপক্ষে এমন হয়েছে।’
এই জয়ে লিগ কাপ ফাইনালের পথে বড় সুবিধা পেল ম্যানচেস্টার সিটি। আগামী ৪ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে নিউক্যাসলের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল।

