জাসপ্রিত বুমরাহ বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার। ভারতের পেস বোলিংয়ের মূল নেতা তিনি। কিন্তু তাকে টেস্ট খেলতে দেখতে চান না দেশটির সাবেক স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
তিনি চান, বুমরাহ জরুরি হলে দেশের বাইরে টেস্ট খেলতে পারেন। তার উচিত সাদা বলের ক্রিকেটে সময় দেওয়া।
বুমরাহ চোটপ্রবণ পেসার। তার ওয়ার্কলোড নিয়ে ভারতে আলোচনা, সমালোচনা্য নিত্য ঘটনা। চোটের কারণে অনেক ম্যাচে বাইরে থাকতে হয়েছে বুমরাহকে। এ জায়গা থেকেই অশ্বিনের চাওয়া, বুমরাহ বেছে বেছে ম্যাচ খেলুন।
দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় জাসপ্রিত বুমরাহকে নিয়ে কথা বলেন রবীচন্দ্রন অশ্বিন।
অশ্বিন বলেন, “ওর সঙ্গে আমার সম্পর্ক দারুণ। এখন যদি আমি ওর আশেপাশে থাকতাম, ওকে গিয়ে বলতাম, ‘তুমি স্রেফ সাদা বলের সংস্করণে খেলবে। যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমাদের (ভারত দলের) খুব প্রয়োজন, ততোক্ষণ টেস্ট দলে পা রাখার কোনো দরকার নেই।’ ওকে এটিই বলতাম। তবে যেহেতু ওকে ব্যক্তিগতভাবে জানি, টেস্ট ক্রিকেট দারুণ ভালোভাসে ও। যতোদিন সম্ভব এই সংস্করণে খেলতে চায়। ও নিজেও জানে, ব্যাপারটি হবে চ্যালেঞ্জের।”
অশ্বিন যোগ করেন, “ভারতীয় ক্রিকেটের স্বার্ধে, বুমরাহর স্বার্থে, ওকে আমি চাই টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি দেখতে। অর্থহীন ওয়ানডেগুলোতেও ওকে দেখতে চাই না। প্রয়োজন পড়লে শুধু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলোতে ওকে দেখতে চাই….শুধু দেশের বাইরের টেস্টে। দেশের মাঠে খেলার জন্য ভিন্ন এক গ্রুপ পেস বোলারদের গড়ে তুলতে দেখতে চাই।”
অশ্বিনের ভাবনার সঙ্গে যেন একমত ডি ভিলিয়ার্স, “আমি হলে যা করতাম, ঘরের মাঠে ও উপমহাদেশের সব টেস্ট থেকে ওকে সরিয়ে রাখতাম। শুধু দেশের বাইরের টেস্টে ওকে খেলাতাম….অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডে… ওসব জায়গায় সব টেস্টে খেলতাম এবং নিশ্চিত করতাম, ওই ম্যাচগুলোর জন্য যেন সে তরতাজা থাকে। অবশ্যই তাকে বেশি মনোযোগী রাখতাম সাদা বলের ক্রিকেটে, যেখানে বিশ্বকাপ জয়ের ব্যাপার আছে।”

