বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগকে ঘিরে তোলপাড় চলছে ক্রিকেটাঙ্গনে। যৌন নিপীড়নের মতো স্পর্শকাতার অভিযোগ এমন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ওঠেছে, যা বোর্ডের (বিসিবি) ভিতই নাড়িয়ে দিয়েছে।

এমন ঘটনায় একযোগে প্রতিবাদে সরব হয়েছে তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিমরা।

এবার মুখ খুললেন বিসিবি পরিচালক এবং বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তিনি জাহানারা ইস্যুতে দোষীদের কঠোর শাস্তি চেয়েছেন।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হয়েছে বিসিবির দুই দিনব্যাপী প্রেস কনফারেন্স।

সেখানে সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, ‘দেখুন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। বিসিবি ১৫ দিন সময় নিয়েছে। তদন্ত কমিটি করেছে। আপাতত ১৫ দিন অপেক্ষা করা উচিত। ১৫ দিন পর যদি উল্টাপাল্টা কিছু হয়, তাহলে আমরাই মোকাবিলা করব। অবশ্যই আমি বিশ্বাস করি নারী ক্রিকেটে বাংলাদেশ বর্তমানে যে উচ্চতায় আছে, আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হলে ফালতু সমস্যাগুলো সমাধান করতে হবে। কঠোরভাবে সমাধান করতে হবে।’

জাহানারা আলমের অভিযোগ, নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ চলার সময় নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে কুপ্রস্তাব দেন। তিনি মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন। নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জাহানারা। একসময় তৌহিদ ছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানের ব্যক্তিগত সহকারী।

এর বাইরে টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ আছে জাহানারার।

রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে জাহানারা জানিয়েছেন, এসব নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান, বর্তমানে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফা জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা নেননি। পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ৩২ বছর বয়সী পেসার জাহানারা।

গেল বৃহস্পতিবার জাহানারর অভিযোগ প্রকাশ্যে আসার পর শুরু হয় তোলপাড়। সেদিন মধ্যরাতে বিসিবি জানিয়েছিল, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে, যারা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কিন্তু সেদিন বা পরদিনও কমিটি গঠন করা হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার আইসিসি সভা থেকে দেশে ফেরার পর রাতে জানানো হয় কমিটির সদস্যদের নাম।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার শুক্লা বাংলাদেশ উইমেন’স স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্টও।

অভিযোগের প্রেক্ষিতে বিসিবি নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবুকে ওএসডি করেছে আজ।

জাহানারা আলম বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম পেসার তিনিই। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। তাকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে গত ডিসেম্বরে। এখন তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্সও করছেন তিনি।

এদিকে, জাহানারা মুখ খোলার পর আর অনেকেই মুখ খুলতে শুরু করেছেন।

সাবেক ক্রিকেটার, বর্তমানে কোচিংয়ে থাকা রেশমা আক্তার আদুরিও যৌন হেনস্থাসহ বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগ তুলেছেন। এমনকি তিনি বিসিবির বর্তমান পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নামেও অভিযোগ তুলেছেন।