সিংহাসন পুনরুদ্ধারের পথে যেন নতুন করে ছুটছেন বাবর আজম। পাকিস্তানের তারকা সাম্প্রতিক সময়ে নিজের সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। তারই রূপ যেন দেখা গেল কাল রাতে, শ্রীলঙ্কার বিপক্ষে। বাবর খেললেন ১০২ রানের দারুণ এক ইনিংস।

পাকিস্তানের এই সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংস ও ৮০৭ দিন পর সেঞ্চুরি করলেন। এই সেঞ্চুরিতে বেশ কয়েকটি নতুন কীর্তি গড়েছেন এই ব্যাটসম্যান।

সেগুলো দেখা যাক….


পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন বাবর আজমের। তবে তিনি এই রেকর্ডের মালিক একা নন। ওয়ানডেতে বাবর ও সাঈদ আনোয়ার দুজনের সেঞ্চুরিই ২০টি। বাবর আজম কিন্তু সাঈদ আনোয়ারের চেয়ে ১০৮ ইনিংস কম খেলেছেন। তাছাড়া বাবরের সামনে একক রেকর্ডধারী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।


বাবর ও মোহাম্মদ রিজওয়ান কাল ম্যাচে ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ওয়ানডেতে এ নিয়ে ৪০তম বারের মতো সেঞ্চুরি জুটির অংশ হলেন বাবর, যা পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৪১ বার সেঞ্চুরি জুটির অংশ ছিলেন সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক।


তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২০টি সেঞ্চুরি করলেন বাবর। ১৩৬ ইনিংসে এসেছে তার এই ২০টি সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হাশিম আমলা ২০টি সেঞ্চুরি করেন ১০৮ ইনিংসে, যা সবচেয়ে দ্রুততম। দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি, যিনি ২০টি সেঞ্চুরি করেছেন ১৩৩ ইনিংসে।


ঘরের মাটিতে এটি বাবর আজমের ৮ম ওয়ানডে সেঞ্চুরি। এটি পাকিস্তানের মাটিতে কোনোও পাকিস্তানীর সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি আছেন মোহাম্মদ ইউসুফের।


টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন সংস্করণ মিলিয়ে বাবরের সেঞ্চুরিসংখ্যা এখন ৩২। পাকিস্তানের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। ৪১টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন ইউনিস খান।