নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। সাবেক ক্রীড়াবিদ মো. হাবিব উল্লাহ ডনকে সভাপতি করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে সভাপতি করে ১৯ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে। কমিটিতে সাধারন সম্পাদক পদে থাকছেন রাসেল কবিরই।
এর আগে ঘোষিত অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছিল সালাহউদ্দিন আলমগীরকে। কিন্তু দায়িত্ব পাওয়ার মাসখানেক পরেই তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। ফলে নতুন সভাপতি বেছে নেওয়া হয়েছে।
মো. হাবিব উল্লাহ ডন প্রায় তিন দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবে পরিচিত। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির সহসভাপতি ছিলেন তিনি। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

