টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে গেল জুন মাসে পৃথক তিন অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কোনো সংস্করণেই তখন ভাইস ক্যাপ্টেন বা সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়নি।
এবার তাও হয়ে গেল। বিসিবি আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন তিন ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে।
টেস্টে ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে থাকছেন নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টিতে সাইফ হাসান।
শান্ত গেল শ্রীলঙ্কা সফর শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে আয়ারল্যান্ড সিরিজের আগে তাকেই এই দায়িত্বে রেখেছে বিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত তিনি টেস্ট অধিনায়ক থাকছেন।
ওয়ানডেতে আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য অধিনায়ক করা হয় মিরাজকে। শান্ত ছিলেন এ দায়িত্বে। তাকে সরিয়ে মিরাজকে অধিনায়ক বানানো হয়। এবার মিরাজের ডেপুটি হলেন শান্ত।
অন্যদিকে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এবার তার ডেপুটি হিসেবে পেলেন সাইফকে। গেল এশিয়া কাপ থেকে এই ফরম্যাটে নিজেকে নতুন করে চেনাচ্ছেন এই ব্যাটার।
গত এশিয়া কাপ থেকে এ সংস্করণে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন সাইফ হাসান। তাঁকে এ সংস্করণে এখন সহ–অধিনায়কও করা হলো।

