বাংলাদেশের দুই ওপেনার জয় ও সাদমান ইসলাম ফিফটি করেছেন।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দৃঢ় ব্যাটিং করছে বাংলাদেশ। আইরিশদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়ে তাদেরকে রানের চাপে পৃষ্ট করাই টাইগারদের লক্ষ্য।

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৩৬৭ রানে এগিয়ে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

আজ শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়। একপ্রান্তে ব্যাটিং ধ্বস হলেও ৭৫ রানে অপরাজিত থাকেন লর্কান টাকার। আড়াই বছর আগে এই মাঠেই নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন টাকার।

৫ উইকেটে ৯৮ রান নিয়ে আজ দিনের শুরুটা করে আয়ারল্যান্ড। তারা দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। তবে লর্কান টাকার ও স্টিভেন ডোহেনি দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। শুধু প্রতিরোধ নয়, পাল্টা আক্রমণও করেন এ দুজন। দিনের শুরুর ১২ ওভারে তাই রান আসে ৫৯।

টাকার ফিফটি তুলে নেন ১০৪ বলে। তবে অভিষেকে ফিফটির দিকে এগোতে থাকা ডোহেনিকে (৪৬) বোল্ড করে দেন তাইজুল।। জুটি থাকে ৮১ রানে।

এরপর তাইজুলের বলেই ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হয়ে দ্রুতই ফিরে যান অ্যান্ডি ম্যাকব্রাইন (০)। এবার টাকার জুটি গড়ার চেষ্টা করেন জর্ডান নিলের সাথে। বাংলাদেশের স্পিনারদের সামনে নেন তারা। এরপর দ্বিতীয় নতুন বল হাতে পেয়ে এই জুটিকে থামিয়ে দেন ইবাদত হোসেন, লাফিয়ে ওঠা বলে ক্যাচ দিয়ে ফিরে যান অলরাউন্ডার নিল (৪৯)।

এরপর দ্রুত দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। সৈয়দ খালেদ আহমেদ নিজের প্রথম উইকেট পান গ্যাভিন হোয়েকে ফিরিয়ে। এরপর ম্যাথু হামফ্রিজকে ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল।

ইনিংসে চার উইকেট নিয়ে তাইজুল ইসলাম ছুঁয়েছেন একটি রেকর্ড। সাকিবল আল হাসানের সঙ্গে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ (২৪৬) টেস্ট উইকেটশিকারি। সাকিব দ্রুতই দ্বিতীয় স্থানে চলে যাচ্ছেন, সেটা আর না বললেও চলে।

ফলো-অন এড়াতে ব্যর্থ হয় আয়ারল্যান্ড। তবে বাংলাদেশ তাদেরকে ফলো-অন না করিয়ে নিজেরা ফের ব্যাটিংয়ে নামে।

সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দলকে ভালো শুরু এনে দেন। টানা দ্বিতীয় টেস্টে শতরানের জুটি গড়েন দুই ওপেনার।

৭৫ বলে ফিফটি পূর্ণ করেন জয়, ৭৬ বলে সাদমান। ১৫২ বলে আসে জুটির শতরান।

ফিফটি করে বেশিদূর আগাতে পারেননি জয়, লেগ স্পিনার গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়ে থামেন ৬০ রানে। তবে বাকি সময়টুকু দাপুটে ব্যাটিংয়েই কাটিয়ে দেন সাদমান ও মুমিনুল হক।

দিনশেষে ১১০ বলে ৬৯ রানে অপরাজিত সাদমান। মুমিনুল অপরাজিত ২১ বলে ১৯ রানে।