প্রথম ম্যাচে হেরে গেলেও পরের দুটি জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার বিশ্রাম। প্রায় তিন সপ্তাহের বিরতি। এরপর বিপিএলের ব্যস্ততা। এরকমই ছিল দৃশ্যপট।
তবে তাতে পরিবর্তন এসেছে। লম্বা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। বিশেষ করে ব্যাটাররা। কারণ, জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স তাদেরকে নিয়ে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছেন।
আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে যেসব ব্যাটার ছিলেন, তাদের সবাইকে নিয়ে হবে এই বিশেষ ক্যাম্প।
ফিল সিমন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্যাম্প শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর অবধি চলবে সেই ক্যাম্প।
মূলত ব্যাটারদের স্কিল শাণিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে বিপিএল, এরপরই বিশ্বকাপের ব্যস্ততা শুরু হয়ে যাবে।
তাই ব্যাটারদের দুর্বলতা ধরে কাজ করতে এই ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর টি-টোয়েন্টিতে দলগত সাফল্য এলেও ব্যাটারা রানের জন্য নিয়মিত ভুগেছেন। এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স দেখা গেছে।
জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাহ উদ্দীন। তিনি দলের ব্যাটিংই দেখেন মূলত। কিন্তু তেমন সাফল্য তিনি নিয়ে আসতে পারেননি। তাই মোহাম্মদ আশরাফুলকে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

