বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপের মূল লড়াইয়ে যেতে পারেনি। সুযোগ ছিল কিশোরদের সামনে। তবে তাও হলো না। ডিফেন্সের ভুলে একের পর এক গোল খেয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্ন উবে গেছে বাংলাদেশের।
আজ চংকিন ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশকে ৪ গোল দিয়েছে চীন। এতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্ব খেলা নিশ্চিত করেছে তারা। আগামী বছর সৌদি আরবে বসবে অ-১৭ এশিয়া কাপ।
বাংলাদেশকে মূল পর্বে খেলতে হলে আজ চীনকে হারাতেই হতো। কিন্তু হারানো দূরে থাক, নিজেদের ডিফেন্সের ভুলে গোলের হালি হজম করতে হয়েছে।
ম্যাচের ৯ মিনিটে মাঝমাঠ থেকে লং পাসে ডান দিকের মাপা ক্রস বাংলাদেশ গোলকিপার তালুবন্দি করতে চেয়েছিলেন। কিন্তু তাকে বোকা বানিয়ে সুয়েয়ি ওইহাও এক টোকায় বলের গতি পরিবর্তন করে জালে জড়িয়ে দেন।
৩৯ মিনিটে বাংলাদেশের ভুল আবারও। কামাল মৃধা ব্যাকপাসে বল নিয়ে কিছু করার আগেই সুয়েয়ি ওইহাও দৌড়ে এসে তার পা থেকে বল ছিনিয়ে নেন। গোলকিপার ছিলেন পোস্ট থেকে বেরিয়ে। তাকে কাটিয়ে ওইহাও বল জড়িয়ে দেন জালে।
দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫২ মিনিটে হ্যাটট্রিক করেন ওইহাও। ডান প্রান্তে ভাসিয়ে দেওয়া বলে লাফিয়ে উঠে হেডে গোল করেন তিনি।
৮৯ মিনিটে আরেক গোল হজম করে বাংলাদেশ।
বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচ শেষে বলেন, ‘চীন আমাদের চেয়ে সব কিছুতেই এগিয়ে; টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি সব দিকেই। এরপরও আমাদের ছেলেরা চেষ্টা করেছে। ম্যাচে কিছু ভুল করেছে ছেলেরা। পাঁচ দিনের মধ্যে আমাদের পাঁচ ম্যাচ খেলতে হয়েছে।’

