ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে ফিটনেসের সমস্যায় ভুগছেন। সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে তাই কুন্দেকে নিয়ে অনিশ্চয়তায় বার্সা।
লা লিগায় আগামী রোববার মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউয়ে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে ম্যাচটি।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্ত জানিয়েছে, ২৬ বছর বয়সী কুন্দে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার অনুশীলন করেননি। ফলে মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, এখনও নিশ্চিত নয়।
তবে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
কুন্দে যদি ছিটকে যান, তবে কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিকের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার। কারণ চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না হোয়ান গার্সিয়া, রবার্ট লেভানডোভস্কি, গাভি ও দানি ওলমো। এরা সবাই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
কুন্দে ছিটকে গেলে ক্লাসিকো ম্যাচের দলে জায়গা পেতে পারেন ১৮ বছর বয়সী স্প্যানিশ রাইট-ব্যাক চাভি এস্পার্ত।
আজ শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এই ডাচ মিডফিল্ডার বৃহস্পতিবার অনুশীলনের জন্য সকালে মাঠে গিয়ে অসুস্থ বোধ করেন। ফলে সেদিন অনুশীলন শুরুর আগেই ফিরে যান।
লা লিগায় ৯ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

