বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা

নতুন বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ বোর্ড সভায় ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় তালিকায় যুক্ত হচ্ছে আরও পাঁচজন ক্রিকেটার। ফলে ২০২৬ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা দাঁড়াতে যাচ্ছে ২৭ জনে।

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২২ জন ক্রিকেটার। তবে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ চুক্তিতে মাত্র দুই মাসের জন্য অন্তর্ভুক্ত থাকায় মার্চ থেকে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা নেমে আসে ২১ জনে।

বিসিবি পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, “এবার কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে।”

বিসিবির নতুন চুক্তি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকবে।

নতুন তালিকায় ছয়জন নতুন ক্রিকেটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানও চুক্তিতে জায়গা পেতে পারেন। ২০২৬ সালে টেস্ট ও ওয়ানডে ম্যাচের সংখ্যা বেশি থাকায় পেসার ইবাদত হোসেন চৌধুরী অথবা ব্যাটার মাহমুদুল হাসান জয়ের একজনকে চুক্তিতে রাখার বিষয়েও ভাবছে বোর্ড। পাশাপাশি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে ফেরানোর পরিকল্পনাও রয়েছে।

এ+ ক্যাটাগরিতে পরিবর্তনের আভাস

সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে এ+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। ওই ক্যাটাগরিতে তার পারিশ্রমিক ছিল মাসিক ১০ লাখ টাকা। তবে চোটের কারণে টেস্ট ক্রিকেটে অনিয়মিত থাকায় এবার এ+ ক্যাটাগরিতে তার থাকা অনিশ্চিত।

বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আহমেদ ‘এ’ ক্যাটাগরিতে নেমে যেতে পারেন। সেখানে আগে থেকেই রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। এবার কাউকে ‘এ+’ ক্যাটাগরিতে রাখা নাও হতে পারে।

কোন ক্যাটাগরিতে বেতন কতো

বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুসারে ক্রিকেটাররা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের বেতন পান। ‘এ+’ ক্যাটাগরিতে বেতন মাসে ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে ৮ লাখ টাকা বেতন প্রদান করা হয়।

‘বি’ ক্যাটাগরিতে বেতনের অঙ্কটা মাসে ৬ লাখ টাকা। ক্যাটাগরি ‘সি’তে থাকা ক্রিকেটাররা পান ৪ লাখ টাকা। আর সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে যারা থাকেন, তাদের বেতন মাসে ২ লাখ টাকা।

এবারও একই পরিমাণ বেতন ক্রিকেটারদের প্রদান করা হবে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

তবে এই বেতনই ক্রিকেটারদের মূল আয় নয়। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেললে আলাদা করে ম্যাচ ফি দেয় বিসিবি। বর্তমানে একটি টেস্ট ম্যাচ খেললে ক্রিকেটাররা পান ৮ লাখ টাকা। ওয়ানডের ম্যাচ ফি ৬ লাখ টাকা। আর টি-টোয়েন্টিতে এই অঙ্ক ২ লাখ ২৫ হাজার টাকা।

অর্থাৎ, যারা তিন ফরম্যাটেই খেলেন বা ম্যাচ বেশি খেলেন, তাদের আয় বেশি।

সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ২৭ ক্রিকেটার

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।