মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ঘাসে বিকেলে যখন রোদের তেজ কমছিল, তখন মাঝ উইকেটে একাকী হাঁটতে দেখা গেল বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই সেই ছবি ‘নিঃসঙ্গ বিসিবি সভাপতি’ শিরোনামে ভাইরাল। অথচ এই সময়ে তার থাকার কথা ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের কাছে। কিছুদিন আগে তাকে সংবাদমাধ্যমে ‘পাঠিয়েও’ দেওয়া হয়েছিল মেলবোর্নে! তবে সব গুঞ্জন হেসেই উড়িয়ে দিচ্ছেন তিনি। বিসিবি প্রধান এখন ব্যস্ত ক্রিকেটারদের মাঠের ফেরার ছক আঁকতে।

ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিতে না পারায় যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা ঘরোয়া আয়োজন দিয়ে ঢাকতে চায় বোর্ড। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেই মিরপুরে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জোর তৎপরতা চলছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এই আসরের নাম হতে পারে ‘অদম্য বাংলাদেশ’। যেখানে জাতীয় দলের সব তারকা ক্রিকেটার এবং দলের বাইরে থাকা ক্রিকেটাররা অংশ নেবেন। নির্বাচনের ডামাডোলের মধ্যেও সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত ও সব ধরনের সহায়তার আশ্বাস পেয়েছে বিসিবি।

কেবল খেলার মধ্যে রাখাই নয়, এই বিশেষ টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের আকর্ষণীয় পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনাও করছে বোর্ড। সঙ্গে থাকবে জমকালো আয়োজন, যাতে আমেজেরে কোনো কমতি না থাকে। এদিকে, প্রধান কোচ ফিল সিমন্স বর্তমানে ছুটিতে থাকলেও জাতীয় দলের কার্যক্রম শুরু হলে আবার ঢাকায় ফিরবেন।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের মতে, দলের জন্য সর্বোচ্চ সুফল বয়ে আনবে এমন সব বিকল্প নিয়েই ভাবছে বোর্ড। এই টি-টোয়েন্টি আসরের পরপরই বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনেরও একটি খসড়া পরিকল্পনা রাখা হয়েছে।

বোর্ডের এই ঘরোয়া আয়োজন হয়তো ব্যস্ততা বাড়াবে, কিন্তু বিশ্বকাপ মিস করার ক্ষত কি মোছা সম্ভব? সাবেক অধিনায়ক ও বর্তমানে কোচিং স্টাফের সদস্য মোহাম্মদ আশরাফুলের খারাপ লাগছে তরুণদের জন্য। তার সাথে এবারই প্রথম আইসিসি ইভেন্টে যাওয়ার কথা ছিল। পারভেজ হোসেন ইমন বা সাইফ হাসানদের মতো তরুণদের প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ব্যথিত আশরাফুল। নিজের অভিষেক সিরিজ বাতিলের পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি সতীর্থদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন।

মোহাম্মদ আশরাফুল বলেন, “নিজের জন্য অতোটা খারাপ লাগছে না। সাইফ, ইমনদের জন্য খারাপ লাগছে। এটা তাদের প্রথম বিশ্বকাপ হতো।”