বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন।রাজীব শুক্লা। ছবি: বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে চলমান উত্তেজনার মাঝে নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর অবস্থানের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে ভারত। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, আইসিসি যে ‘খেলোয়াড়সুলভ আচরণ’ এবং টুর্নামেন্টের মর্যাদা রক্ষার কথা বলেছে, তার সঙ্গে বিসিসিআই পুরোপুরি একমত।

সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, “আইসিসি এই বিষয়ে একটি জোরালো বিবৃতি দিয়েছে এবং তারা খেলোয়াড়সুলভ আচরণের ওপর গুরুত্বারোপ করেছে। আমরা আইসিসির অবস্থানের সঙ্গে সম্পূর্ণ একমত। তবে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত বিসিসিআই এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করবে না।”

ভারতের এমন অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, পাকিস্তান যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে বিসিসিআই আইসিসির মাধ্যমে কঠিন পদক্ষেপ নিতে পিছপা হবে না।

গতকাল পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে, বাবর-রিজওয়ানরা বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারির ভারত ম্যাচে মাঠে নামবে না। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসি কড়া প্রতিক্রিয়া জানায়।

সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে এভাবে ‘বেছে বেছে’ কিছু ম্যাচ খেলা টুর্নামেন্টের মূল চেতনা ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিপন্থী। আইসিসি মনে করে, পাকিস্তানের এই অনড় অবস্থান বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য চরম হতাশাজনক।

Read More: চ্যাম্পিয়নস লিগ? এ তো ইংলিশ প্রিমিয়ার লিগ!

আইসিসি এখন পিসিবির আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছে এবং সংস্থাটি আশা করছে একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে। তবে বিসিসিআইয়ের এই সমর্থনের পর আইসিসি যে পাকিস্তানের ওপর চাপ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।

এখন ক্রিকেট বিশ্বের নজর আইসিসির পরবর্তী পদক্ষেপের দিকে—যেখানে পাকিস্তানের জন্য অপেক্ষা করছে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা অথবা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা।