দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু শুরু থেকে শেষ আসর অবধি বিতর্ক পিছু ছাড়েনি এই টুর্নামেন্টের। অব্যবস্থাপনা, অগোছালো আয়োজন, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ঝামেলাসহ নানা বিতর্ক লেগেই আছে বিপিএলের নামের সাথে।
এর মধ্যে সবচেয়ে বড় বিতর্কের জায়গা ফিক্সিং বা ম্যাচ গড়াপেটা। নানা সময়ে ফিক্সিংয়ের অভিযোগ ওঠেছে, কিন্তু কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। এবারই ব্যতিক্রম মনে হচ্ছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিপিএলের এবারের আসর শুরু হচ্ছে সিলেট থেকে। আসর শুরুর আগেই দুর্নীতি দমনে নানা ব্যবস্থা নিচ্ছে বিসিবি। তারা বলছে, চোর আসবে, তবে তাকে চুরি করার আগেই ঠেকানোর ব্যবস্থা হচ্ছে। আইসিসির লোকজন, বিসিবির লোকবল, এবং সিআইডির সহায়তাও নেওয়া হচ্ছে এবার।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ‘রংপুর রাইডার্স-বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল ছিল আজ। সেখানে অতিথি ছিলেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। তার ভিন্ন পরিচয়, তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।
ফাইনাল শেষে বিপিএলে দুর্নীতি ঠেকানো বিষয়ে কথা বলেন ইফতেখার রহমান।
তিনি বলেন, “অ্যালেক্স মার্শাল বলে দিয়েছে, এই (দুর্নীতি) ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং তার গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। এই দুই-তিন দিন আগেও দলের মালিকপক্ষদের সঙ্গে বসা হয়েছে। আমাদের যে পিএমও (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস) অ্যাকসেস, এটাকে ছোট করে আনা হয়েছে। ২৫টা করে চেক করার পরে ২৫টা করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে।”
“অ্যান্টি করাপশন বলেন, আর ইন্টেগ্রিটি ইউনিট বলেন, তারা কিন্তু সত্যিই কঠিন পরিস্থিতি তৈরি করবে এবং তাদের নির্দেশনা হচ্ছে এরকম। পাশাপাশি আপনারা জানেন যে, আমরা আইসিসি থেকেও অ্যান্টি করাপশন ম্যানেজারদের আনছি। আমাদের ইউনিটও থাকবে, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও থাকবে। এছাড়াও কালকে সিআইডির সঙ্গে বড় মিটিং হয়েছে, একটা এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) হচ্ছে, সিআইডির লোকজনও থাকবে।”
যেখানে আইসিসির লোকবল থাকছে, সঙ্গে আছে বিসিবির দুর্নীতি দমন কর্তারাও। সেখানে সিআইডির কাজটা কী আসলে?
ব্যাখ্যা করলেন ইফতেখার, “(সিআইডির কাজ) মনিটর করা। মানে ব্যাপারটা হচ্ছে কী, কোনো ঘটনা যেন না ঘটে। ধরেন চোর আসবে, তাকে চুরি করার আগে তো থামাতে হবে। এই প্রক্রিয়াই আমরা অনুসরণ করছি, গোটা বিশ্বে যা অনুসরণ করা হয়।”

