বিপিএলের দ্বাদশ আসরের প্রথম আলো জ্বলছে সিলেটে। ঢাকায় প্রাথমিক অনুশীলন পর্ব শেষ করে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে দলগুলোর যাত্রা শুরু হয়েছে পূণ্যভূমির দিকে। ইতোমধ্যে স্বাগতিক সিলেট টাইটান্স তাদের ভেন্যুতে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে।
বিদেশি শক্তি নিয়েও ধীরে ধীরে পূর্ণ হচ্ছে দলগুলো। বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোতে বিদেশি ক্রিকেটাররা যোগ দিতে শুরু করেছেন। কয়েকজন এসেও গেছেন।
সিলেট টাইটান্স শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার সালমান এরশাদ।
অন্যদিকে রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ ঢাকায় এসে পৌঁছেছেন। আজই রংপুরের আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারের দেশে আসার কথা রয়েছে।
সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার নিয়ে বাংলাদেশে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। পাঁচ বিদেশি ক্রিকেটারকে নিয়ে গড়া এই দলটিতে পাকিস্তান থেকেই এসেছেন তিনজন—হোসাইন মোহাম্মদ তালাত, মোহাম্মদ নাওয়াজ এবং ওপেনার শাহিবজাদা ফারহান। এ ছাড়া নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ও শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোও আছেন দলে। রাজশাহীর টিম ম্যানেজমেন্টের সঙ্গে রয়েছেন ভারতীয় অ্যানালিস্ট শ্রীভাস্তান। আজ রাতেই সিলেটে পৌঁছে যাবে ‘আমের দেশের’ দল।
ঢাকা ক্যাপিটালসও তাদের বিদেশি শক্তি নিয়ে এগোচ্ছে। আফগানিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান জুবাইরউল্লাহ আকবরী ও জিয়াউর রহমান শরিফি যোগ দিয়েছেন দলটিতে।
আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বেলা ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যার ম্যাচে রাত ৭টায় খেলবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট পর্ব শেষ হলে টুর্নামেন্টের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রাম ও ঢাকায়। তিন ভেন্যুতে মিলিয়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের বিপিএলে। ২৩ জানুয়ারি নির্ধারিত হয়েছে ফাইনাল। তার আগে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, আর ২১ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

