Nazmul Islam and Aminul Islam Bulbul

বাংলাদেশের ক্রিকেটে চলমান অচলাবস্থা নিরসনের পথে কিছুটা নমনীয় অবস্থান নিলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্রিকেটাররা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্য ঘিরে সৃষ্ট সংকটে ক্রিকেটাররা শর্তসাপেক্ষে মাঠে ফেরার আগ্রহ জানালেও, সেই প্রস্তাবে সম্মতি দেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিকেটারদের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ফোনে আলোচনা হয়। আলোচনায় আরও কয়েকজন বোর্ড পরিচালকও যুক্ত ছিলেন। ফোনটি স্পিকারে রেখে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে কথোপকথন হয়।

সেখানে ক্রিকেটাররা জানান, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় রেখে তারা মাঠে ফিরতে প্রস্তুত। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দলের বিদেশ সফর এবং বিপিএলের ভবিষ্যৎ মাথায় রেখেই এই অবস্থান। তবে তারা স্পষ্ট করে দেন—এই সিদ্ধান্ত শর্তসাপেক্ষ।

ক্রিকেটারদের শর্ত ছিল, এম নাজমুল ইসলাম যেহেতু সংবাদমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করেছেন, তাই তাঁকে প্রকাশ্যেই দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিসিবি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, সেটিও বহাল রাখতে হবে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই প্রস্তাবে রাজি হননি বলে জানা গেছে। তাঁর বক্তব্য, নাজমুল ইসলাম ইতোমধ্যে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা সম্ভব নয় এবং বোর্ডের পক্ষ থেকেও এমন কোনো অনুরোধ করা হবে না।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রিকেটাররা। তাঁদের বক্তব্য, সম্মান কেবল একজন পরিচালকের একক বিষয় নয়—ক্রিকেটারদের সম্মানও সমান গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে দেওয়া বক্তব্যের জন্য প্রকাশ্যেই দুঃখ প্রকাশ করা উচিত বলেই তাঁরা মত দেন। এই প্রশ্নে কোনো সমাধান না আসায় আলোচনা অসমাপ্ত অবস্থায় শেষ হয়।

এ বিষয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সব মিলিয়ে, সমঝোতার ইঙ্গিত মিললেও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রশ্নে অনড় অবস্থানের কারণে মাঠে ফেরার সিদ্ধান্ত থেকে আবারও সরে এলো ক্রিকেটাররা। ফলে বিপিএল ও দেশের ক্রিকেটে অচলাবস্থা কাটতে এখনও অপেক্ষা বাড়ল।