আলমেরিয়ার শেয়ার কিনলেন ক্রিস্টিয়ানো রোনালদো।আলমেরিয়ার মালিকানায় যুক্ত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: গেটি ইমেজেস

ক্রিস্টিয়ানো রোনালদো এবং স্প্যানিশ ফুটবলের সম্পর্কটা অনেক পুরনো। রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছর দাপিয়ে বেড়ানো এই পর্তুগিজ তারকা আবারও স্পেনে ফিরলেন, তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং মালিক হিসেবে। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন আল-নাসর ফরোয়ার্ড। সৌদি বিনিয়োগকারী মোহাম্মদ আল-খেরিজি’র নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই ক্লাবটির নতুন যুগে প্রবেশ করলেন সিআরসেভেন।

আলমেরিয়ার মালিকানায় যুক্ত হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে রোনালদো বলেন, “মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আলমেরিয়া একটি শক্তিশালী ভিত্তির ক্লাব এবং এখানে উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি ক্লাবটির নেতৃত্বের সাথে কাজ করতে এবং একে নতুন ধাপে নিয়ে যেতে উন্মুখ হয়ে আছি।”

আল-খেরিজি ও রোনালদোর রসায়ন

আলমেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল-খেরিজি রোনালদোর অন্তর্ভুক্তিকে বড় সাফল্য হিসেবে দেখছেন। তিনি বলেন, “রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। তিনি স্প্যানিশ লিগ খুব ভালো চেনেন এবং আমাদের একাডেমি ও টিমের সম্ভাবনা বুঝতে পারেন।”

উল্লেখ্য, আল-নাসরে রোনালদোর যোগ দেওয়ার পেছনেও আল-খেরিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

‘সিআরসেভেন’ সাম্রাজ্যের বিস্তার

পেশাদার ফুটবলে সর্বোচ্চ বেতনভুক্ত (বার্ষিক ১৭৭ মিলিয়ন পাউন্ড) খেলোয়াড় হওয়ার পাশাপাশি রোনালদো এখন একজন সফল ব্যবসায়ীও। ফোর্বস-এর ২০২৫ সালের র‍্যাংকিং অনুযায়ী, রোনালদো মাঠ এবং মাঠের বাইরে থেকে প্রায় ২১০ মিলিয়ন পাউন্ড আয় করেছেন। এর মধ্যে ৫০ মিলিয়ন পাউন্ডের বেশি এসেছে তাঁর বিভিন্ন ব্যবসা থেকে। হোটেল ব্যবসা, পারফিউম, জিম, এমনকি হেয়ার-ট্রান্সপ্লান্ট ক্লিনিকের পর এবার ফুটবল ক্লাবের মালিকানা তাঁর ব্যবসায়িক পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করল।

আলমেরিয়ার বর্তমান অবস্থা

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত আলমেরিয়া বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে (সেগুন্ডা) দুর্দান্ত ফর্মে রয়েছে। লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল রেসিংয়ের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে তারা। হাতে আছে আরও ১৫টি ম্যাচ। রোনালদোর আগমনে ক্লাবটি এবার শীর্ষ বিভাগে ফেরার স্বপ্নে আরও বেশি উজ্জীবিত।