আল নাসরের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো।রোনালদোর গোলসংখ্যা নিয়ে হঠাৎ বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবি: গেটি

ক্রিস্টিয়ানো রোনালদো এবং আল নাসরের সেই ‘মধুচন্দ্রিমার’ দিনগুলো কি তবে শেষ হতে চলল? সৌদি আরবের ফুটবল অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটিই। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা আল নাসরের। কিন্তু পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ বোমা ফাটিয়ে জানিয়েছে, এই ম্যাচে নাকি খেলবেন না অধিনায়ক রোনালদো! শুরুতে একে ‘বিশ্রাম’ মনে করা হলেও ভেতরের খবর বলছে, শারীরিক কোনো সমস্যা নয়, বরং ক্লাবের ওপর ক্ষোভ থেকেই ম্যাচ বয়কটের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

কেন চটেছেন সিআর সেভেন?

রোনালদোর এই অসন্তোষের মূলে রয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। সৌদির প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন রোনালদো।

তার মতে, আল নাসরের চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে বেশি গুরুত্ব দিচ্ছে পিআইএফ। শীতকালীন দলবদলের বাজারে আল হিলাল যখন পাবলো মারি বা কাদের মেইতের মতো তারকাদের দলে ভেড়াচ্ছে, তখন আল নাসর মাত্র একজন অখ্যাত তরুণ মিডফিল্ডারকে (হায়দার আবদুল করিম) নিয়েছে। আল হিলালের তুলনায় নিজেদের স্কোয়াড শক্তিশালী না হওয়ায় দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রোনালদো।

প্রশাসনিক ক্ষমতা ও দলবদল নিয়ে অস্থিরতা

কেবল খেলোয়াড় কেনা নয়, আল নাসরের প্রশাসনিক রদবদলও রোনালদোকে ক্ষুব্ধ করেছে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনিও ও সিইও জোসে সেমেদো—উভয়ই পর্তুগিজ এবং রোনালদোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি তাদের ক্ষমতা কেড়ে নেওয়ায় বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছেন সিআর সেভেন।

এছাড়া করিম বেনজেমার আল ইতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার গুঞ্জন এবং সাইমন বুয়াব্রেকে উড়িয়ে আনার মতো বড় বড় বিনিয়োগ আল হিলালের পাল্লা ভারী করছে, যা রোনালদোর মেজাজ আরও বিগড়ে দিয়েছে।

আরও পড়ুন: ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স, স্বপ্ন বুনছেন সেনাপ্রধান

কোচ জেসুসের মন্তব্যে আগুনি ঘি

আল নাসরের এই অস্থিরতা হুট করে শুরু হয়নি। গত জানুয়ারিতে কোচ জেসুস সরাসরি মন্তব্য করেছিলেন যে, ‘আল হিলালের মতো আল নাসরের রাজনৈতিক ক্ষমতা নেই।’

এই মন্তব্যের জেরে জেসুসকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। কোচের সেই সুরেই এখন সুর মেলালেন দলের প্রধান সেনাপতি। রোনালদোর এই নীরব প্রতিবাদ বা ‘বয়কট’ কি সৌদি ফুটবলে তার ক্যারিয়ারের ইতি টানার সংকেত? ফুটবল বিশ্বের নজর এখন রিয়াদের সেই মাঠের দিকে, যেখানে আজ সিআর সেভেনকে ছাড়াই সম্ভবত নামতে হচ্ছে আল নাসরকে।