আফ্রিকা কাপ অব নেশন্সে নাটকীয় জয়ে উড়ন্ত সূচনা করেছে মিসর। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পাওয়া সেই জয়ের পর মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। মিসরের ম্যাচজয়ী তারকা মোহাম্মদ সালাহকে ইনস্টাগ্রামে অভিনন্দন জানাতে দেখা গেছে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডকে।
জয়ের পর সতীর্থ ওমর মারমুশের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সালাহ। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্য করেন হলান্ড। তার ছোট্ট মন্তব্য—‘Salam brusjans’—নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি আরবি ও নরওয়েজিয়ান ভাষার মিশ্রণ, যার অর্থ দাঁড়ায় বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা বা ‘ভাইসব, শান্তি’।
এই ম্যাচটি সালাহর জন্য ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। লিভারপুলে কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর আফ্রিকা কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দেন তিনি। ক্লাব ফুটবলে নিজের ভূমিকা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনার জন্ম দিলেও আফ্রিকা কাপে নামার সঙ্গে সঙ্গেই নেতৃত্বের ছাপ রাখেন সালাহ।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালো হয়নি মিসরের। প্রথমার্ধেই এক গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে ওমর মারমুশের গোলে ম্যাচে ফেরে ফারাওরা। খেলা যখন ড্রয়ের দিকেই যাচ্ছিল, তখন স্টপেজ টাইমে সালাহর গোল মিসরকে এনে দেয় ২–১ ব্যবধানের নাটকীয় জয়।
এই জয় আফ্রিকা কাপ অভিযানে মিসরের আত্মবিশ্বাস বাড়ালেও আলোচনায় এসেছে সালাহ–হালান্ডের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাও। ২০২২ সালে হলান্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই ইউরোপীয় ফুটবলে দুজনকে ঘিরে তৈরি হয়েছে আলাদা আকর্ষণ। শিরোপা ও গোলের হিসাবে একে অন্যকে টক্কর দিয়ে যাচ্ছেন তারা।
হালান্ড এরই মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। পাশাপাশি ২০২২–২৩ ও ২০২৩–২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও উঠেছে তার হাতে। অন্যদিকে সালাহ লিভারপুলের হয়ে এই সময়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন এবং এক মৌসুমে গোল্ডেন বুটের লড়াইয়ে হলান্ডকে পেছনে ফেলেছেন।
আফ্রিকা কাপের শুরুতেই এমন পারফরম্যান্স আর সামাজিক মাধ্যমে হলান্ডের বার্তা—সব মিলিয়ে সালাহ আবারও আলোচনার কেন্দ্রে। টুর্নামেন্ট যত এগোবে, নজর থাকবে ফারাওদের অধিনায়কের পায়ের দিকেই।

