Hamza chowdhury and Shamit shomeহামজা চৌধুরী ও শামিত সোম।

বড় এক অর্জনকে সঙ্গে করে নিয়ে ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরিয়ে আনা হামজা আজ বুধবার সকালের ফ্লাইটে ঢাকা থেকে বিমানে উড়াল দেন।

এদিকে, ফুটবলের আরেক তারকা শামিত সোম সিলেটে গেছেন। সেখানে কয়েকদিন থাকবেন তিনি।

কাল সোমবার রাতে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। দীর্ঘ ২২ বছর পর ফুটবলে ভারতকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রাকিবের পাস থেকে মোরছালিনের গোল উল্লাসে মাতিয়েছে গোটা দেশকে। এর মধ্য দিয়ে চলতি বছরের একমাত্র জয়টিও নিশ্চিত করে বাংলাদেশ।

এই সুখস্মৃতিকে সাথে নিয়ে আজ সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেন হামজা চৌধুরী। যাওয়ার আগে বলেন, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে ভেবে তিনি কষ্ট পাচ্ছেন। তবে সেখানে (ইংল্যান্ড) তার পরিবার রয়েছে, তাদের সঙ্গে মিলতে পারবেন ভেবে আনন্দ পাচ্ছেন।

ফিফা উইন্ডোতে হামজা ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে ছুটি নিয়ে বাংলাদেশে খেলতে আসেন। উইন্ডো প্রায় শেষ। এবার ক্লাব ব্যস্ততায় থাকবেন হামজা।

এদিকে, কানাডার লিগে কয়েকদিনের বিরতি চলছে। এজন্য এখনই ফিরে যাচ্ছেন না শামিত সোম। তিনি কয়েকদিন পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে চান। সেজন্যই আজ সকালে ঢাকা থেকে সিলেটে যান শামিত।

আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ আগামীকাল বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকা ত্যাগ করবেন।

স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন। এক বা দুদিন ছুটি কাটিয়ে তারাও ক্লাবে যোগ দেবেন। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ফুটবল।

বাংলাদেশের ম্যাচ আর আগামী বছরের ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে। হামজাদের খেলা দেখতে তাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।