ভুটানের স্পিনার সুনম ইয়েশিভুটানের স্পিনার সোনম ইয়েশি গড়েছেন ইতিহাস।

ক্রিকেটের মানচিত্রে ভুটানের অবস্থান খুব একটা দৃশ্যমান নয়। সেখানকার ক্রিকেটারদের নাম তো আরও অচেনা। কিন্তু আজ সেই অচেনা তালিকা থেকেই উঠে এল এক নাম—সোনম ইয়েশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক বোলিংয়ে ইতিহাস গড়েছেন ভুটানের এই স্পিনার।

মায়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৭ রান খরচায় ৮ উইকেট তুলে নেন ইয়েশি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে এটি সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। এর আগে কোনো বোলারই এই সংস্করণে ৮ উইকেট নিতে পারেননি।

গেলেফু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ইয়েশি বল করেন চার ওভার। এর মধ্যে একটি ওভার ছিল মেডেন। মায়ানমারের ব্যাটিং লাইনআপ যেন তার সামনে দাঁড়াতেই পারেনি। একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচের রং পুরোপুরি বদলে দেন তিনি।

এত দিন পর্যন্ত টি-টোয়েন্টির এক ইনিংসে সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল মালয়েশিয়ার সায়াজরুল ইদরুসের দখলে। ২০২৩ সালের জুলাইয়ে কুয়ালালামপুরে চীনের বিপক্ষে তিনি নিয়েছিলেন ৮ রানে ৭ উইকেট। সেই রেকর্ড আজ ভেঙে দিলেন ইয়েশি।

সাত উইকেট নেওয়ার কীর্তি আগে ছিল আরও কয়েকজনের—নেদারল্যান্ডসের অ্যাকারম্যান, বাংলাদেশের তাসকিন আহমেদ ও বাহরাইনের আলী দাঊদের। তবে তাদের সবাইকে ছাড়িয়ে এবার নতুন উচ্চতায় পৌঁছালেন ভুটানের এই তরুণ বোলার।

ইয়েশির এমন কীর্তিতে উচ্ছ্বাস দেখা গেছে ভুটানের ক্রিকেট অঙ্গনে। দেশটির সরকারি চ্যানেলগুলোতে ফলাও করে প্রচার করা হচ্ছে এই সাফল্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী দলগুলোর বাইরেও যে ইতিহাস লেখা যায়, সোনম ইয়েশির এই বোলিং সেই কথাই আবার মনে করিয়ে দিল।

এদিকে, ম্যাচে ভুটান করে ৯ উইকেটে ১২৭ রান। মায়ানমার অলআউট হয়ে যায় ৪৫ রানে।