বার্সেলোনার জার্সিতে হাস্যোজ্জ্বল ইয়ামাল।বার্সার জার্সিতে সুখেই আছেন ইয়ামাল। ছবি: বার্সেলোনা

মঙ্গলবার রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। এই হাইভোল্টেজ দ্বৈরথের আগে আলোচনার কেন্দ্রে এখন লামিনে ইয়ামাল। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও রেডিও মার্কার বিতর্কিত এক অনুষ্ঠান ‘La tribu’-তে এই তরুণ তুর্কিকে নিয়ে হওয়া আলোচনা এখন ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ইয়ামাল কি বার্সেলোনাতে থেকে বিশ্বসেরা হতে পারবেন, নাকি চ্যাম্পিয়নস লিগ জিততে তাকে ক্লাব ছাড়তে হবে—এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ইউরোপে ইয়ামালের ব্যর্থতা, দায় বার্সার?

রেডিওর অনুষ্ঠানে সঞ্চালক জাভিয়ের তিন্তো এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তাঁর মতে, Yamal ঘরোয়া লিগে দুর্দান্ত খেললেও ইউরোপীয় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারছেন না। ইউরোপে রাজত্ব করতে হলে তাঁকে বার্সা ছাড়তে হবে।

তিন্তো বলেন, “ইয়ামাল এখন দুর্দান্ত ফর্মে আছে, অনেকটা বার্সার মতোই। লা লিগায় সে অপ্রতিরোধ্য কিন্তু ইউরোপে সে কিছুই না। ফুটবলের বিশ্বমঞ্চে রাজত্ব করতে হলে সম্ভবত তাকে বার্সেলোনা ছাড়তে হবে। কারণ বর্তমানে বার্সার যে অবস্থা, তাতে সে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না।”

এমনকি রিয়াল মাদ্রিদ লিগ থেকে একরকম হাল ছেড়ে দেওয়ায় বার্সার এই লিগ জয়গুলো ‘বিভ্রান্তিকর’ বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে নেইমারের সঙ্গে ইয়ামালের ‘চুক্তি’

সোশ্যাল মিডিয়া ও পরিপক্কতার অভাব

বিতর্ক শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ ছিল না। নাচো লাবারগা ও দিয়েগো পিকো ইয়ামালের অফ-ফিল্ড আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। লাবারগার মতে, ইয়ামাল মাইক্রোফোনের সামনে এলেই পরিস্থিতি জটিল করে ফেলেন।

লাবাগা বলেন, “ইয়ামাল সেরা খেলোয়াড় হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া বা মাইক্রোফোনের সামনে সে মোটেও ভালো নয়। তাঁর এমন আচরণ পুরো দলকে বিপদে ফেলতে পারে।” দিয়েগো পিকোর মতে, বাইরের পরিবেশই একমাত্র বাধা যা এই বিস্ময় বালকের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে।

মেসি পরবর্তী যুগের কাণ্ডারি

তবে হোসে ম্যানুয়েল ওলিভান ইয়ামালের পক্ষ নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, সমালোচনার বদলে ইয়ামালের সাহসের প্রশংসা করা উচিত।

ওলিভানের বক্তব্য হলো, “মেসি পরবর্তী যুগে বার্সেলোনা এখন ইয়ামালের যুগের অপেক্ষায় আছে, আর এটাই হয়তো অনেকের কষ্টের কারণ। সে বর্তমান বার্সেলোনার নেতা এবং পুরো দলকে একাই টেনে নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধের জায়গায় তার আরও পরিপক্ক হওয়া প্রয়োজন।”

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ কাঁপাতে পারেন ইয়ামাল-এস্তেভাওসহ ১০ বিস্ময় বালক

সব মিলিয়ে অ্যাথলেটিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়ামাল কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সবাই। পেপে পাসকুয়েসের মতে, বার্সেলোনা মাঠের লড়াইয়ের আগেই কথার লড়াইয়ে মেতে উঠতে চাইছে, তবে এটি শেষ পর্যন্ত বুমেরাং হয় কি না, সেটাই দেখার বিষয়।