বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক লিটন দাস।বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে চলছে তিন ফরম্যাটে তিন অধিনায়কের রাজত্ব। এর মধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ তথা টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার সামলাচ্ছেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে লিটন নিজেকে কতটা সফল ভাবেন, তা নিয়ে ক্রিকেটপাড়ায় আলোচনা কম-বেশি সবসময়ই থাকে। তবে এবার নিজের নেতৃত্ব ও সাফল্য নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন এই স্টাইলিশ ব্যাটার, তা নিয়ে দেশের ক্রিকেট মহলে রীতিমতো তোলপাড় শুরু হতে বাধ্য। অধিনায়কত্বে লিটন নিজেকে শুধু সফলই ভাবছেন না, বরং রেকর্ডের নিক্তিতে তিনি নিজেকে এগিয়ে রাখছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, এমনকি দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চেয়েও!

নিজের ভোট নিজেকেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল এক পডকাস্টে হাজির হয়েছিলেন লিটন দাস। সেখানে র‍্যাপিড ফায়ার রাউন্ডে সঞ্চালক তাঁকে একের পর এক কঠিন সব তুলনামূলক প্রশ্ন ছুড়ে দেন। শুরুতেই জানতে চাওয়া হয়, বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক বিবেচনা করে যদি দু’জন থেকে একজনকে বেছে নিতে বলা হয়, তবে তিনি সাকিব আল হাসান নাকি লিটন দাস—কাকে বেছে নেবেন?

মুচকি হেসে লিটনের ঝটপট উত্তর, “কঠিন… তবে আমি আমাকেই বেছে নেব।”

বিতর্কের আভাস সেখানেই শেষ ছিল না। পরের প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’

লিটন এবারও নিজের ওপর আস্থা রেখে জবাব দেন, “রেকর্ডের দিক দিয়ে আমি।” এরপর বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে তুলনার পিঠেও লিটনের অবধারিত উত্তর ছিল— “আবারো, রেকর্ডের দিক দিয়ে আমি।”

লিটনের এমন আকাশচুম্বী আত্মবিশ্বাস দেখে সঞ্চালকও মন্তব্য করতে বাধ্য হন যে, ঠিক এই কনফিডেন্সটাই এখন দলের দরকার!

আরও পড়ুন:
অধিনায়কত্ব ও উইকেটকিপিং নিয়ে মুখ খুললেন লিটন দাস

মাশরাফি-মুশফিককে নিয়ে লিটনের যুক্তি

বাংলাদেশের ক্রিকেটে সফলতম ও সেরা অধিনায়কের নাম মুখে এলে সিংহভাগ মানুষই একবাক্যে মাশরাফি বিন মুর্তজার নাম নেবেন। কিন্তু লিটন এখানেও ঢাল বানিয়েছেন পরিসংখ্যানকে। মাশরাফি, মুশফিকুর রহিম কিংবা সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তুলনার টেবিলেও লিটন নিজের নামটাই বেছে নিয়েছেন সবার ওপরে।

মাশরাফির প্রসঙ্গে টেনে লিটন দাস বলেন, “ভাইয়ার অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। তবে রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি, সেখানে আমার রেকর্ড খুব ভালো। আমি জানি এটা নিয়ে অনেক বিতর্ক হবে, আমি তা বুঝতে পারছি।”

নিজের সাফল্যের পরিসংখ্যানকে সামনে রেখে লিটন যে অকপট বক্তব্য দিয়েছেন, তা দেশের ক্রিকেট ভক্তদের মাঝে নতুন এক বিতর্কের জন্ম দিল। লিটনের এই ‘রেকর্ড’ ও ‘আত্মবিশ্বাস’ আগামীতে টি-টোয়েন্টি দলকে কতদূর নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন:
বিশ্বকাপের সেই ঘটনা থেকে ‘মুভ অন’ করেছি: লিটন দাস