ম্যানচেস্টার সিটির তারকা হল্যান্ড ও শেরকিগোলের পর শেরকি-হল্যান্ডের উল্লাস। ছবি: ম্যানসিটি

নটিংহাম ফরেস্টের ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে ম্যাচের আগেই নেমে এসেছিল আবেগের ছায়া। ক্লাব ইতিহাসের অন্যতম সেরা তারকা জন রবার্টসনের প্রয়াণে কালো ব্যান্ড পরে মাঠে নামেন ফরেস্ট ফুটবলাররা। এক মিনিটের করতালিতে শ্রদ্ধা জানায় পুরো স্টেডিয়াম। কিন্তু স্মৃতিমাখা এই দিন শেষ পর্যন্ত আনন্দের হয়নি স্বাগতিকদের জন্য। রায়ান শেরকির শেষ দিকের গোলে ২–১ ব্যবধানে জিতে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরুতেই চমকে দেওয়ার সুযোগ পেয়েছিল ফরেস্ট। ক্যালাম হাডসন–ওডোইয়ের বাঁকানো ক্রস শুধু টোকা দেওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু মর্গান গিবস–হোয়াইট ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। ওই সুযোগটাই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত।

এরপর প্রথমার্ধজুড়ে দুই দলই ছিল সতর্ক। ফরেস্টের জমাট রক্ষণে সিটির আক্রমণ বারবার থেমে গেছে। টানা সাত ম্যাচে প্রথমার্ধে গোল করার যে অভ্যাস সিটির ছিল, সিটি গ্রাউন্ডে এসে তা ভেঙে পড়ে। বিরতির আগে কার্যত কোনো দলই বড় সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ফিরেই দৃশ্যপট বদলে দেন রায়ান শেরকি। ৪৮ মিনিটে তাঁর সূক্ষ্ম পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন তিজানি রেইন্ডার্স। এসি মিলান থেকে আসা মিডফিল্ডারের ফিনিশিংয়ে এগিয়ে যায় সিটি। এই গোলে আত্মবিশ্বাসে ভর করেন শেরকিও। কিছুক্ষণ পর নিজেও গোলের খুব কাছে গিয়েছিলেন, কিন্তু ফরেস্ট গোলরক্ষক জন ভিক্টর বাধা হয়ে দাঁড়ান।

তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি ফরেস্ট। পাল্টা আক্রমণে তারা সিটির রক্ষণে চাপ বাড়াতে থাকে। ৬৫ মিনিটে তারই ফল পায় স্বাগতিকরা। হাডসন–ওডোই ও গিবস–হোয়াইটের দ্রুত পাসিং থেকে বল পান ইগর জেসুস। তাঁর বাড়ানো বল থেকে নিখুঁত শটে সমতা ফেরান ওমারি হাচিনসন। গ্যালারিতে ফিরে আসে প্রাণ।

ম্যাচ তখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু শেষ কথা বললেন শেরকি। ম্যাচের শেষ দিকে কর্নার থেকে আসা বল ফিরে পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন ২২ বছর বয়সী এই ফরাসি তরুণ। গিবস–হোয়াইটের পায়ের ফাঁক গলে বল ঢুকে গেলে অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক ভিক্টরের।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি। পাশাপাশি ফরেস্ট কোচ শন ডাইচের বিপক্ষে পেপ গার্দিওলার অপরাজিত থাকার ধারাও বেড়ে হলো ১৭ ম্যাচ।

এই জয়ে শীর্ষে উঠলেও অবস্থানটি সাময়িক। রাতেই ব্রাইটনের বিপক্ষে আর্সেনাল জিতলে আবার দ্বিতীয় স্থানে নেমে যেতে পারে সিটি।