মেক্সিকান ফরোয়ার্ড জুলিয়ান কুইনোনাস ও আরমান্দো গঞ্জালেস।দুই মেক্সিকান গোলমেশিন জুলিয়ান কুইনোনাস ও আরমান্দো গঞ্জালেস।

২০২৬ বিশ্বকাপ শুরু হতে হাতে গোণা আর মাত্র কয়েক দিন বাকি। ঠিক এই মুহূর্তে বিশ্ব ফুটবলের গোলদাতার তালিকায় বড় বড় সব নামকে পেছনে ফেলে দাপট দেখাচ্ছেন দুই মেক্সিকান স্ট্রাইকার। গোলসংখ্যার বিচারে তারা কেবল কিলিয়ান এমবাপ্পে বা ক্রিস্টিয়ানো রোনালদোকেই নয়, টেক্কা দিচ্ছেন আর্লিং হালান্ডকেও। অথচ অবিশ্বাস্য ফর্মে থাকা সত্ত্বেও মেক্সিকোর world Cup স্কোয়াডে এই দুই তারকার জায়গা হবে কি না, তা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।

রোনালদো-হালান্ডদের পেছনে ফেললেন কুইনোনাস

আল-কাদিসিয়ার হয়ে চলতি মৌসুমে অতিমানবীয় ফর্মে আছেন জুলিয়ান কুইনোনাস (Julián Quiñones)। এখন পর্যন্ত তার নামের পাশে জমা হয়েছে ২৬টি গোল। বর্তমানে বিশ্বজুড়ে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তার ওপরে কেবল ৩১ গোল নিয়ে ইউরোপিয়ান গোল্ডেন বুট বিজয়ী Harry Kane।

অথচ ২৩ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা ২২ গোল করা আর্লিং হালান্ডও কুইনোনাসের গোলবন্যার সামনে এবার ম্লান হয়ে গেছেন!

মেক্সিকোর নতুন চমক আরমান্দো গঞ্জালেস

Mexican ফুটবলের আরেক বিস্ময় হয়ে আবির্ভূত হয়েছেন আরমান্দো গঞ্জালেস (Armando González)। চিভাস গুয়াদালাহারার এই ফরোয়ার্ড পুরাসের বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা নিয়ে গেছেন ২৪-এ। এর মাধ্যমে তিনি বিশ্বসেরা গোলদাতার তালিকায় সেরা চারে জায়গা করে নিয়েছেন।

গত অ্যাপারচুরা ২০২৫ আসরে গোল্ডেন বুট জেতার পর বর্তমান টুর্নামেন্টেও ইতোমধ্যে ১২ গোল করেছেন তিনি। লিগা এমএক্স (Liga MX) এর গোলদাতার দৌড়েও এখন সবার শীর্ষে এই তরুণ তুর্কি।

আরও পড়ুন: হালান্ডের হ্যাটট্রিকে বিধ্বস্ত লিভারপুল, এফএ কাপের সেমিফাইনালে ম্যান সিটি

তারকাদের দাপট বনাম এমবাপ্পে-রোনালদো

গোলবন্যার এই লড়াইয়ে মেক্সিকোর এই দুই তারকা পেছনে ফেলেছেন বিশ্ব ফুটবলের পোস্টার বয়দের। বর্তমানে কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেই ২৩টি করে গোল করেছেন। অন্যদিকে ম্যানচেস্টার সিটির গোলমেশিন হালান্ডের গোলসংখ্যা ২২। পরিসংখ্যান বলছে, ক্লাব ফুটবলে এই মুহূর্তে মেক্সিকান এই দুই স্ট্রাইকার বিশ্ব ফুটবলের যেকোনো বড় নামের চেয়েও বেশি কার্যকর।

আরও পড়ুন: ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে আবার ফিরছেন রিয়াল মাদ্রিদে!

অ্যাগুইরের কঠিন সিদ্ধান্ত

মাঠের পারফরম্যান্স এতোটা উজ্জ্বল হলেও বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এখনো দুশ্চিন্তায় আছেন কুইনোনাস ও গঞ্জালেস। মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের অ্যাগুইরে (Javier Aguirre) এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি। গুঞ্জন রয়েছে, এ দুজন কোচের ‘সুনজরে’ নেই। কোচ শেষ পর্যন্ত এই দুই ‘ইন-ফর্ম’ স্ট্রাইকারকে বিশ্বকাপের বিমানে তুলবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

মেক্সিকান সমর্থকদের দাবি, এমন ফর্মের ফুটবলারদের বাইরে রেখে বিশ্বকাপের পরিকল্পনা করা হবে আত্মঘাতী।