লিভারপুলের জার্সিতে ইতিহাস গড়ার পর মোহাম্মদ সালাহর উদযাপন।মোহাম্মদ সালাহর উদযাপন। ছবি: গেটি

অ্যানফিল্ডে হারের বৃত্ত ভাঙার লক্ষ্য নিয়ে নেমেছিল লিভারপুল। শুরুটা ধাক্কা দিয়ে হলেও শেষ পর্যন্ত নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছে আর্নে স্লটের শিষ্যরা। তবে এই জয়ের রাতে সব আলো কেড়ে নিয়েছেন অলরেড কিংবদন্তি মোহাম্মদ সালাহ। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন এক রেকর্ড গড়েছেন এই মিশরীয় ফরোয়ার্ড, যা আগে কেউ কখনো করতে পারেনি। কোনো নির্দিষ্ট একটি প্রতিপক্ষের বিপক্ষে গোল এবং অ্যাসিস্ট—উভয় ক্ষেত্রেই ডাবল ফিগার বা দুই অঙ্কের ঘরে পৌঁছানো প্রথম ফুটবলার এখন সালাহ।

নিউক্যাসলের বিপক্ষে ১৯ ম্যাচে ১০টি গোল করার পাশাপাশি এখন তার অ্যাসিস্ট সংখ্যাও ১০টি। ইংলিশ প্রিমিয়ার লিগের দীর্ঘ ইতিহাসে কোনো একজন ফুটবলারের নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে এমন অলরাউন্ড পারফরম্যান্সের নজির আর নেই।

সালাহর এই অনন্য কীর্তির রাতে লিভারপুলের জয়ের নায়ক ছিলেন তরুণ তুর্কি হুগো একিটিকে। যদিও ম্যাচের শুরুতে স্থানীয় তারকা অ্যান্থনি গর্ডনের গোলে লিড নিয়ে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দিয়েছিল নিউক্যাসল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি একিটিকে। প্রথমার্ধের শেষ দিকে দ্রুতগতির জোড়া গোল করে লিভারপুলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে নেইমারের সঙ্গে ইয়ামালের ‘চুক্তি’

ম্যাচের ৬৭ মিনিটে নিউক্যাসলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জার্মান বিস্ময় বালক ফ্লোরিয়ান উইর্টজ। মোহাম্মদ সালাহর পাস থেকে দারুণ এক শটে বল জালে জড়ান তিনি। একিটিকে ও উইর্টজ জুটির এই আক্রমণাত্মক রসায়ন লিভারপুল সমর্থকদের মনে বড় স্বপ্নের দোলা দিচ্ছে।

সালাহর হাত ধরে আসা এই জয়টি লিভারপুলকে তাদের সাম্প্রতিক জয়হীন যাত্রার ইতি টানতে সাহায্য করল। ইংল্যান্ডের মাটিতে সালাহর বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের তালিকায় যুক্ত হলো আরও একটি সোনালি পালক, যা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেল।