রহমতগঞ্জকে ৩ গোল দিয়ে জয় পেয়েছে মোহামেডান।গোলের পর মোহামেডানের উল্লাস।

বজ্রপাত, ভারী বৃষ্টি আর কর্দমাক্ত মাঠ—প্রকৃতির সব বাধা জয় করে ফেডারেশন কাপে দাপুটে জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালোরা। অন্যদিকে, কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

কুমিল্লার ঝড়ে মোহামেডানের দাপট

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচটি আক্ষরিক অর্থেই ঝড়ের কবলে পড়েছিল। বৃষ্টির কারণে মাঠ আগে থেকেই ভারী ছিল, তার ওপর ঝড়ে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে যায়। বজ্রপাতের তীব্রতা বাড়লে রেফারি প্রায় ঘণ্টা খানেক খেলা বন্ধ রাখতে বাধ্য হন। তবে প্রতিকূল পরিবেশেও দমে যায়নি মোহামেডান।

ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে মোহামেডানকে লিড এনে দেন জুয়েল। প্রথমার্ধ শেষে বিরতির সময় শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। দীর্ঘ বিরতির পর দ্বিতীয়োর্ধের খেলা শুরু হলে আবারও জ্বলে ওঠেন জুয়েল; ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ম্যাচের ৭৬ মিনিটে মোজাফফরভের ফ্রি-কিক রহমতগঞ্জের গোলরক্ষক গ্রিপ করতে ব্যর্থ হলে ফিরতি বলে গোল করেন সৌরভ। ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

তবে এই জয়েই সরাসরি ফাইনাল নিশ্চিত হচ্ছে না তাদের; ১২ মে কোয়ালিফায়ার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলেই কেবল ফাইনালে কিংসের দেখা পাবে তারা।

আরও পড়ুন:
মোহামেডান-কিংস লড়াইয়ে হারেনি কেউ

কিংস অ্যারেনায় কিংসের রাজত্ব

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত কোয়ালিফায়ার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে তারা। বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত থাকলেও কিংসের জয়রথ থামাতে পারেনি ব্রাদার্স।

ম্যাচের মাত্র ৩ মিনিটেই রাকিব হোসেনের গোলে লিড নেয় কিংস। প্রথমার্ধে ডরিয়েল্টনের একটি গোল বাতিল হলেও দ্বিতীয়োর্ধে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। ম্যাচের ৭২ ও ৭৪ মিনিটে মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্রাদার্সকে ম্যাচ থেকে ছিটকে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বসুন্ধরা কিংস ৪ গোল দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
ব্রাদার্সকে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস।

শেষ দিকে ৮৮ মিনিটে সাব্বির হোসেন চতুর্থ গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় অস্কার ব্রুজনের শিষ্যদের।

ব্রাদার্স ইউনিয়ন এই ম্যাচে হারলেও তাদের ফাইনালের আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না। ১২ মে কুমিল্লায় মোহামেডানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয়ী দলই ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন:
দরিয়েলতনের হ্যাটট্রিক, রোমাঞ্চকর জয়: শীর্ষস্থান মজবুত করল বসুন্ধরা