চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে এমএস ধোনি।চেন্নাইয়ের সুপারস্টার এমএস ধোনি। ছবি: সিএসকে

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য আরও একটি মন খারাপ করা খবর এলো। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। সোমবার টসের সময় চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় পরিষ্কার জানিয়ে দেন, ধোনি এখনো পুরোপুরি ফিট নন। ফলে চলতি আসরে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচেও দলের এই সাবেক অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হয়েছে চেন্নাইকে।

ইনজুরির হানায় ধোনির পুরো মৌসুম অনিশ্চিত

মূলত পায়ের পেশির ইনজুরির (কাফ স্ট্রেন) কারণে এই মৌসুমে চেন্নাইয়ের হয়ে এখনো একটি ম্যাচও খেলতে পারেননি ধোনি। হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচের আগে নতুন করে আরেকটি চোট পাওয়ায় তার খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়।

টসের পর চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পিচ কিছুটা শুষ্ক মনে হচ্ছে, তাই বোর্ডে ভালো একটা রান তোলাই লক্ষ্য। মহেন্দ্র সিং ধোনি দলের সঙ্গেই আছেন, তবে এই ম্যাচে মাঠে নামার মতো ফিটনেস তার নেই।”

আরও পড়ুন:
আইপিএলে এখনো ‘মাথা ঘুরিয়ে দেওয়া’ স্যালারি পাচ্ছেন ধোনি!

ব্যাটিংয়ে চেন্নাই, অপরিবর্তিত হায়দরাবাদ

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা; গুরজাপনীত সিংয়ের জায়গায় একাদশে এসেছেন আকিল হোসেন।

অন্যদিকে ছয় দিনের দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে নামা সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য তাদের উইনিং কম্বিনেশন ভাঙেনি। টসের পর হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স বলেন, “প্লে-অফে কোয়ালিফাই করার জন্য এটি আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা নিজেদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন ধরে রাখতে চাই। টস জিতলে হয়তো প্রথমে বোলিং নিতাম, তবে আগে ফিল্ডিং করা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই।”

দুই দলের একাদশ

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, প্রশান্ত বীর, আকিল হোসেন, নূর আহমেদ, অংশুল কম্বোজ ও স্পেন্সার জনসন।

সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স (অধিনায়ক), অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), হেইনরিখ ক্লাসেন, সলিল অরোরা, স্মরণ রবিচন্দ্রন, নীতিশ কুমার রেড্ডি, শিবাং কুমার, এশান মালিঙ্গা, সাকিব হুসাইন ও প্রফুল্ল হিঙ্গে।