আইপিএলে ‍মুম্বাই ইন্ডিয়ান্সের ফাফ দু প্লেসি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে আন্দ্রে রাসেল মানেই এক অতিমানবীয় শক্তি। কলকাতা নাইট রাইডার্সের এই ক্যারেবিয়ান তারকা কখনো মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেননি। তবে ২০২৬ আইপিএল শুরুর আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি দাবি করেছেন, মুম্বাইয়ের স্কোয়াডে এবার একজন নয়, বরং ‘দুইজন রাসেল’ আছেন!

কারা সেই ‘দুই রাসেল’?

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি দু প্লেসির মতে, মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন দুই রিক্রুট উইল জ্যাকস এবং শেরফেইন রাদারফোর্ড এবার মাঠে আন্দ্রে রাসেলের ভূমিকা পালন করবেন। ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসকে মেগা নিলাম থেকে দলে ভিড়িয়েছে মুম্বাই। অন্যদিকে, গুজরাট টাইটান্স থেকে ‘ট্রেড’ করে ক্যারেবিয়ান পাওয়ার-হিটার রাদারফোর্ডকে স্কোয়াডে যোগ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কেন এই তুলনা?

২০ ওভারের ক্রিকেটে উইল জ্যাকস এবং রাদারফোর্ড—দুইজনই বর্তমানে বিধ্বংসী ফর্মে আছেন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জ্যাকস। শুধু ওপেনিং নয়, ফিনিশার এবং অফ-স্পিনার হিসেবেও তিনি এখন বিশ্বসেরাদের একজন।

অন্যদিকে, রাদারফোর্ড বিশ্বকাপে ১৭৯.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ৪২ বলে ৭৬ রানের ইনিংসটি ছিল আসরের অন্যতম সেরা।

দু প্লেসির ভাষায়, “গত বছর রাদারফোর্ডকে অনুসরণ করলে দেখবেন, সে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আর জ্যাকস এখন শুধু ওপেনার নয়, একজন দুর্দান্ত ফিনিশারও। এই মুহূর্তে মনে হচ্ছে, মুম্বাই দলে দুইজন রাসেল আছে।”

অপরাজেয় মুম্বাই স্কোয়াড

দু প্লেসি মনে করেন, এই দুই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি মুম্বাই ইন্ডিয়ান্সকে ‘অবিশ্বাস্য’ শক্তিশালী করে তুলেছে। মিডল অর্ডারে রাদারফোর্ডের মাসল পাওয়ার এবং জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্য যেকোনো দলের জন্যই ত্রাস হতে পারে।

আগামী ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স। তার আগের দিন অর্থাৎ ২৮ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের।