বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক এবার খেলবেন অস্ট্রেলিয়ায়। সেখানে সিডনির গ্রেড ওয়ান ক্রিকেটে খেলা ক্লাব ব্ল্যাকটাউন গ্রেড ক্রিকেট ক্লাবে খেলবেন তিনি।
মুমিনুলকে সেখানে দলের ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে। সিডনিতে খেলতে বুধবার ঢাকা ত্যাগ করবেন তিনি।
অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটের খ্যাতি ক্রিকেট দুনিয়ায় সমধিত। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতানো তারকারা কখনো না কখনো গ্রেড ক্রিকেটে খেলেছেন। দেশটির বিভিন্ন শহরে গ্রেড ক্রিকেট হয়ে থাকে।
তবে সিডনির বিষয়টি ব্যতিক্রম। কারণ, ১৩২ বছর ধরে এই টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে সিডনি। ফলে অনেকের কাছে এটি ‘সিডনি টেস্ট ক্রিকেট’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
মুমিনুল হক যে ক্লাবে খেলবেন, সেই ব্ল্যাকটাউন ক্লাবের বয়সও শতাধিক। ১৮৯৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। গত ২৩ বছর ধরে তারা গ্রেড ক্রিকেটে অংশ নিচ্ছে।
কিভাবে এই ক্লাবের সঙ্গে যোগাযোগ, সেটাই সংবাদমাধ্যমকে জানালেন মুমিনুল হক।
দেশের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, “আয়ারল্যান্ডের বিপক্ষে (সর্বশেষ) টেস্টের পর বাংলাদেশের তো অনেক দিন টেস্ট নেই। ভাবছিলাম যে, বিপিএলে যদি দল না পাই, তাহলে অনেক দিন কোনো খেলা নেই। হাথুরুসিংহেকে বলেছিলাম, কোনো জায়গায় খেলার ব্যবস্থা করে দেওয়া যায় কি না। অনেক ক্লাবের সঙ্গে তার জানাশোনা। তিনি শুরুতে কিছু খোঁজখবর নিয়ে বলেছিলেন, আমার সূচির সঙ্গে মিলিয়ে কোনো ক্লাব পাওয়া যাচ্ছে না। পরে মিরপুর টেস্ট চলার সময় তিনি জানালেন, একটি ক্লাব আগ্রহ দেখিয়েছে।”
মুমিনুল ধরে নিয়েছিলেন, বিপিএলে তিনি দল পাবেন না। তবে সিলেট টাইটানস তাকে ২২ লাখ টাকায় দলে নিয়েছে। এরপরও সিডনিতে যাওয়ার চিন্তা বাদ দিচ্ছেন না তিনি।
“তিনটি একদিনের ম্যাচ খেলবো আমি। আরও কিছু ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু বিপিএলের কারণে চলে আসবো ২১ ডিসেম্বর। ওখানে দুই দিনের ম্যাচগুলো খুবই ইন্টারেস্টিং হয়। এক সপ্তাহের উইকএন্ডে প্রথম দিনের খেলা, পরের সপ্তাহের উইকএন্ডে দ্বিতীয় দিনের খেলা। খুবই কোয়ালিটি ক্রিকেট হয়। তবে সময়ের কারণে এবার পারছি না।”
সিডনির গ্রেড ক্রিকেটের প্রশংসা ঝরলো মুমিনুলের কণ্ঠে, “সিডনির গ্রেড ক্রিকেট নিয়ে আগেও শুনেছিলাম যে খুব ভালো ক্রিকেট হয়। হাথুরুসিংহেও বলেছেন। আমিও কিছুদিন ধরে ভিডিও দেখছি, খুবই ভালো ক্রিকেট হয়।”
সিডনির গ্রেড ক্রিকেটে স্টিভ ওয়াহ, মার্ক ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স এসব অস্ট্রেলিয়ান তারকারা খেলেছেন।
আন্তর্জাতিক তারকাদের মধ্যে ইমরান খান, ম্যালকম মার্শাল, শোয়েব আখতার, অ্যান্ড্রু স্ট্রাউস, কেভিন পিটারসেন, মোহাম্মদ আসিফ, স্কট স্টাইরাস, মর্নে মর্কেল, ব্রেন্ডন ম্যাককালাম, ট্রেন্ট বোল্ট, জো ডেনলি, ররি বার্নস, ড্যারিল টাফি, জ্যাক ক্রলি, অলিভার পোপসহ অনেককে দেখা গেছে সেখানে খেলতে।

