কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। বল হাতে আগুন ঝরানো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে বোলারদের তালিকায় বড় উন্নতি হয়েছে বাংলাদেশের পেস ইউনিটের। পাশাপাশি ব্যাটার এবং অলরাউন্ডারদের তালিকায়ও নিজেদের অবস্থান মজবুত করেছেন শান্ত-মিরাজরা। ৩ নম্বরে ওঠে এসেছে মিরাজ।
পেসারদের জয়জয়কার
ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে সবচেয়ে বড় লাফ দিয়েছেন সিরিজের সেরা খেলোয়াড় নাহিদ রানা। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন বিশ্বের ৪৮তম ওয়ানডে বোলার।
বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বর স্থানে। পিছিয়ে নেই ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানও; ১৪ ধাপের বড় উন্নতিতে তিনি এখন ৪১তম স্থানে অবস্থান করছেন।
ব্যাটিং ও অলরাউন্ডার র্যাঙ্কিং
ব্যাটিংয়ে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ ধাপ এগিয়ে তিনি এখন বিশ্বের ৩২ নম্বর ওয়ানডে ব্যাটার। ওপেনার লিটন দাসও ১৫ ধাপের বিশাল লাফ দিয়ে উঠে এসেছেন ৬৫ নম্বরে।
এদিকে অলরাউন্ডারদের তালিকায় নিজের দাপট বজায় রেখেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আরও এক ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে বিশ্বের ৩ নম্বর ওয়ানডে অলরাউন্ডার।
আরও পড়ুন:
নাহিদ রানার লাজুক হাসির আড়ালে আগ্নেয়গিরির লাভা!
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও সুখবর
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ম্যাচজয়ী হাফ সেঞ্চুরি করে তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। তাঁর সতীর্থ পারভেজ হোসেন ইমন ৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৪০ নম্বরে।
বোলারদের তালিকায় অফস্পিনার শেখ মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ১৮তম স্থানে উঠে এসেছেন।

