টেস্ট ক্রিকেটে দুর্দান্ত করছেন নাজমুল হোসেন শান্ত।বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন শুধুই নাজমুল হোসেন শান্তর জয়জয়কার। ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে দলকে জেতানোর পাশাপাশি এবার অধিনায়কত্বের পরিসংখ্যানেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই বাঁ-হাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয়ের পর শান্ত এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে সবচেয়ে কম ম্যাচে বাংলাদেশকে সর্বোচ্চ ৭টি টেস্ট জেতানোর রেকর্ড এখন তাঁর দখলে।

মুশফিকের রেকর্ডে ভাগ বসালেন শান্ত

মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি দলকে ৭টি জয় এনে দিয়েছিলেন।

আজ পাকিস্তানকে হারিয়ে অধিনায়ক হিসেবে নিজের সপ্তম জয়টি তুলে নিলেন শান্ত। অর্থাৎ জয়ের সংখ্যার দিক থেকে তিনি এখন মুশফিকের সমান।

আরও পড়ুন:
রেকর্ডের রাজসিক মুকুটে ‘অধিনায়ক’ শান্ত

অর্ধেক ম্যাচেই বাজিমাত

জয়ের সংখ্যা সমান হলেও শান্তর কৃতিত্ব অন্য জায়গায়। মুশফিককে ৭টি জয় পেতে যেখানে ৩৪টি ম্যাচ খেলতে হয়েছিল।

শান্ত সেই একই সাফল্য পেলেন মাত্র ১৭ ম্যাচে—অর্থাৎ মুশফিকের চেয়ে অর্ধেক ম্যাচ খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

শান্তর ১৭ ম্যাচের অধিনায়কত্বে ৭টি জয়ের বিপরীতে ড্র রয়েছে ১টি এবং হার ৯টি। অন্যদিকে মুশফিকের নেতৃত্বে থাকা ৩৪ ম্যাচে ৭টি জয় ও ৯টি ড্রয়ের পাশাপাশি হার ছিল ১৮টি।

সফলতার দৌড়ে এগিয়ে শান্ত

জয়ের শতকরা হিসেবে (যাঁরা অন্তত ৫টির বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন) শান্তর অবস্থান এখন সবার উপরে। তাঁর জয়ের হার ৪১.১৭ শতাংশ।

অধিনায়ক হিসেবে জয়ের দিক থেকে তিন নম্বরে আছেন সাকিব আল হাসান। ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি ৪টি জয় পেয়েছেন। এছাড়া মুমিনুল হক পেয়েছেন ৩টি জয়।

একটি করে ম্যাচ জিতেছেন হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ।

উল্লেখ্য যে, মাশরাফি ও লিটন মাত্র একটি করে ম্যাচে নেতৃত্ব দিয়ে একটিতেই জয় পাওয়ায় তাঁদের সফলতার হার শতভাগ। তবে দীর্ঘমেয়াদী নেতৃত্বের বিচারে শান্ত এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।

যাঁরা জয়ের দেখা পাননি

অধিনায়কত্বের এই গৌরবের তালিকায় থাকলেও জয়ের স্বাদ পাননি অনেক তারকা ক্রিকেটার। নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ আশরাফুলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলকে নেতৃত্ব দিলেও সাদা পোশাকে কোনো জয়ের দেখা পাননি।

আরও পড়ুন:
প্রশংসা শুনে লজ্জা পেলেন শান্ত