মাঠে সান্তোসের জার্সিতে ব্রাজিল তারকা নেইমার।ব্রাজিল ফুটবলের অন্যতম মহাতারকা নেইমার। ছবি: গেটি

চিকিৎসক, দল, সাপোর্ট স্টাফ সবাই তাকে বলেছেন, তিনি যেন বিশ্রামে থাকেন। কারণ, তার বাঁ পায়ের হাঁটুতে মেনিস্কাস (হাঁটুর সংযোগস্থল) ইনজুরি রয়েছে। এই ইনজুরি নিয়ে খেললে বিপদ বাড়তেও পারে।

কিন্তু নেইমার তাতে কান দেননি। একদিকে সান্তোস রেলিগেশনের ঝুঁকিতে, অন্যদিকে সামনে বিশ্বকাপ তাই নিজেকে প্রমাণ করতে হবে ব্রাজিল দলে ফিরতে।

এ দুই তাড়নায় নেইমার ঝুঁকি নিয়েই অনুশীলন করেছেন, এরপর ম্যাচে খেলতে নেমে গোল করেছেন, গোল করিয়েছেন। এতে নতুন আশা পেয়েছে ব্রাজিলের সিরি আ’র দল সান্তোস।

স্পোর্ট রেসিফের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে নেইমারের ক্লাব।

২৫ মিনিটে গোল করেন ব্রাজিল তারকা। ডি বক্সের সামনে থেকে এক সতীর্থের পাস ধরে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ কাটিয়ে ডান পায়ের নিচু শটে গোল করেন নেইমার।

দ্বিতীয়ার্ধে একটি অ্যাসিস্টও করেন তিনি। ৬৬ মিনিটে তার মাপা কর্নার কিক থেকে হেড করে গোল করেন জোয়াও স্মিট।

এই জয়ে সান্তোস রেলিগেশন অঞ্চল থেকে আপাতত বেরিয়ে এসেছে। ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা এখন ১৫ নম্বরে। তাদের সামনে আছে আরও দুই ম্যাচ।