২০২৪ সালের রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের সেই তেতো স্মৃতি এখন অতীত। পাকিস্তানের লক্ষ্য এখন অনেক বড়—আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লক্ষ্য পূরণের পথে বাধা টপকাতে আজ মিরপুরে পা রেখেছে শান মাসুদের দল। আগামী শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির কথা জানালেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।
অতীত ভুলে ভবিষ্যতের লক্ষ্য
বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই লম্বা সময় পর সাদা পোশাকে মাঠে নামছে। পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যেখানে তারা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
অন্যদিকে, বাংলাদেশ গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পিএসএলের ব্যস্ততা কাটিয়ে এখন লাল বলের দীর্ঘ মৌসুমের অপেক্ষায় দুই দল।
রাওয়ালপিন্ডির সেই হার নিয়ে প্রশ্ন করা হলে শাহীন শাহ আফ্রিদি সোজাসাপ্টা উত্তর দেন। তিনি অতীত মনে করতে চান না।
শাহীন বলেন, “দেখুন, অতীত তো অতীতই। অতীতে কী হয়েছে, তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতে তাকানো। কীভাবে আমরা নিজেদের তৈরি করছি, আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, শুধু একটা সিরিজ নয়। দল হিসেবে আমাদের লক্ষ্যটা বড়, আমরা সেটার জন্য তৈরি।”
আরও পড়ুন:
সমালোচনা উড়িয়ে সরফরাজের লক্ষ্য বাংলাদেশ সিরিজ
শের-ই-বাংলায় আধুনিক ক্রিকেটের চ্যালেঞ্জ
বাংলাদেশের মাটিতে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারেনি। গত বছর টি-টোয়েন্টি এবং এ বছর মার্চে ওয়ানডে সিরিজেও বাংলাদেশের কাছে হেরেছে তারা। তবে টেস্ট সংস্করণে নিজেদের সেরাটা দিতে মরিয়া পাকিস্তান।
শাহীন শাহ আফ্রিদি মনে করেন, প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, “যেকোনো দলই তাদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। আমাদের লক্ষ্য কীভাবে (টেস্ট চ্যাম্পিয়নশিপের) ফাইনালে যেতে পারি। দল হিসেবে আমরা এটা বুঝতে পারছি যে এই সংস্করণে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।”
নাহিদ রানা বনাম শাহীন আফ্রিদি
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট এবার প্রথাগত স্পিন-ফাঁদ নয়, বরং স্পোর্টিং উইকেটে গড়া। ম্যাচের দুই দিন আগেও উইকেটে ঘাসের উপস্থিতি আভাস দিচ্ছে যে পেসাররাই হবেন এই টেস্টের আসল তুরুপের তাস। বাংলাদেশের গতির তারকা নাহিদ রানা এখন দারুণ ফর্মে আছেন, যা ভাবাচ্ছে খোদ পাকিস্তানকেও।
নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে শাহীন শাহ আফ্রিদি বলেন, “আমার মনে হয়, সে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একজন। আশা করি, তাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। সাম্প্রতিক সময়ে সে খুব ভালো ফর্মে আছে। আশা করি, আমাদের বিপক্ষে তা থাকবে না।”
নতুন ইতিহাস গড়ার স্বপ্ন
শুক্রবার মিরপুরে প্রথম টেস্টের পর ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পাকিস্তানের অভিজ্ঞ বোলিং অ্যাটাক বনাম বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপের এই লড়াইয়ে কার হাসি ফুটবে, তা সময়ই বলে দেবে।
তবে শাহীন শাহ আফ্রিদি ও তাঁর দলের একমাত্র লক্ষ্য—বাংলাদেশকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করা এবং লর্ডসের ফাইনালের পথে এগিয়ে যাওয়া।
আরও পড়ুন:
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

