লা লিগার শিরোপা লড়াইয়ে নাটকীয় মোড়! চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী ফর্ম আর আলভারো আরবেলোয়ার ট্যাকটিক্যাল মাস্টারক্লাসে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে লিগের ১৯ ম্যাচে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ালো ২১-এ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ ম্যাড়মেড়ে। দুই দলই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকায় পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির পর এক অন্যরকম রিয়াল মাদ্রিদকে দেখা যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রের একটি নিচু ক্রস ভিয়ারিয়াল ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান এমবাপ্পে। জোরালো শটে গোলরক্ষক লুইজ জুনিয়রকে পরাস্ত করতে ভুল করেননি এই ফরাসি ফরোয়ার্ড।
ভিয়ারিয়াল খেলোয়াড়রা ভিনিসিয়ুসের বিরুদ্ধে বল আউট করার দাবি জানালেও ভিএআর (VAR) পরীক্ষায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। গোল না পেলেও পুরো ম্যাচে ছন্দে ছিলেন ভিনিসিয়ুস, যদিও লিগে তাঁর গোলখরা এখন ১৩ ম্যাচের।
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বক্সের ভেতর আলফনসো পেদ্রাজা তাঁকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। এমবাপ্পে অত্যন্ত ঠান্ডা মাথায় ‘পানেনকা’ স্টাইলে বল জালে জড়ান।
ম্যাচ শেষে এমবাপ্পে জানান, এই বিশেষ পেনাল্টিটি তিনি সতীর্থ ব্রাহিম দিয়াজকে উৎসর্গ করেছেন। উল্লেখ্য, গত সপ্তাহে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর হয়ে ঠিক একইভাবে পেনাল্টি মিস করেছিলেন দিয়াজ, যার ফলে সেনেগালের কাছে শিরোপা হারায় মরক্কো। সতীর্থের সেই দুঃস্মৃতি মুছতেই এমবাপ্পের এই উদ্যোগ।
আরও পড়ুন: লা লিগার শিরোপা লড়াইয়ে নাটকীয় মোড়
শিরোপা লড়াইয়ে নতুন সমীকরণ
জানুয়ারিতে লা লিগা পুনরায় শুরু হওয়ার সময় বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। কিন্তু গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে হান্সি ফ্লিকের দলের আকস্মিক হার রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ তৈরি করে দেয়। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালো আরবেলোয়ার দল। কোপা দেল রের ধাক্কা সামলে টানা তিন জয় তুলে নিল তারা।
বর্তমানে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনা যদি আজ রোববার রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জয় পায়, তবে আবারও তারা শীর্ষে ফিরবে। আপাতত শিরোপার চাবিকাঠি এখন মাদ্রিদের হাতে।

