Hobart Hurricanes Rishad Hossain Cricfoot24ফাইনালে চোখ হোবার্ট হারিকেনসের। ছবি: গেটি ইমেজেস

হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সমীকরণ। ম্যাচ মাত্র ৭ ওভারের। এমন পরিস্থিতিতে শেষ দুই ওভারে মেলবোর্ন স্টারসের দরকার ছিল ৩৭ রান। চাপের সেই মুহূর্তে হোবার্ট হারিকেনসের অধিনায়ক বেন ম্যাকডারমট বল তুলে দিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে।

স্ট্রাইকে তখন টি–টোয়েন্টির দুই বিধ্বংসী ব্যাটার—মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল। রিশাদ নিজের দুই ওভারের দ্বিতীয়টি করলেন সেই কঠিন সময়ে। অভিজ্ঞ দুই ব্যাটারের বিপক্ষে তিনি খরচ করেন ১১ রান। তাতে ম্যাচ পুরোপুরি হোবার্টের হাতছাড়া হয়নি।

শেষ ওভারে মেলবোর্নের লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। পেসার মিচেল ওয়েনের ওভারে সর্বোচ্চ চেষ্টা করেও স্টারস তুলতে পারে ২২ রান। শেষ পর্যন্ত ৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে টিকে যায় হোবার্ট হারিকেনস।

এই জয়ের ফলে বিগ ব্যাশ লিগে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পেল রিশাদদের দল। আগামী ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচে হোবার্টের প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। ওই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পার্থ স্করচার্সের।

এর আগে হোবার্টে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১০ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে হোবার্ট হারিকেনস তোলে ৫ উইকেটে ১১৪ রান। জবাবে মেলবোর্ন স্টারস দুই ওভারে ৯ রান করার পর ফের বৃষ্টি হানা দেয়। ডিএলএস পদ্ধতিতে তখন ম্যাচ নেমে আসে ৭ ওভারে এবং মেলবোর্নের লক্ষ্য নির্ধারিত হয় ৮৫ রান।

রান তাড়ায় শেষ পর্যন্ত ৭ ওভারে ৮২ রানে থামে মেলবোর্ন স্টারস।

রিশাদ হোসেন এদিন ২ ওভার বোলিং করে ২৪ রান খরচ করেন, উইকেটের দেখা পাননি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে হোবার্টের অলরাউন্ডার বো ওয়েবস্টারের হাতে। ২৬ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

এই ম্যাচেও দেখা গেছে বিগ ব্যাশে আলোচিত ‘রিটায়ার্ড আউট’ কৌশল। রান তাড়ার ষষ্ঠ ওভারে স্যাম হারপারকে তুলে নিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে নামায় মেলবোর্ন স্টারস। ম্যাক্সওয়েল ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।