ক্রিস্টিয়ানো রোনালদো দুনিয়ার সবচেয়ে আলোচিত ফুটবল তারকাদের একজন। বাঘা বাঘ ক্লাব তো বটেই, পর্তুগাল জাতীয় দলেও তিনি অপরিহার্য একজন হিসেবে বছরের পর বছর ধরে খেলে চলেছেন।
এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরেই ওঠে আসছেন তার ছেলে রোনালদো জুনিয়ার। পর্তুগাল জাতীয় খেলার জন্য তার যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে।
রোনালদো জুনিয়র পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলেছেন। ফেডারেশনস কাপ টুর্নামেন্টের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারানো ম্যাচে অভিষেক হয় তার।
পর্তুগালের হয়ে গোল দুটি করেন তাভারেজ ও রাফায়েল কাব্রাল। ম্যাচের যোগ করা সময়ে রোনালদো জুনিয়রকে মাঠে নামান দলটির কোচ।
১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি প্রিমিয়ার লিগের আল নাসরের যুব একাডেমিতে ফরোয়ার্ড হিসেবে খেলেন। এর আগে তিনি পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলে গোলও করেছেন।
নতুন যাত্রায় রোনালদোর মা, ডলোরেস এভেইরো, সামাজিক মাধ্যমে তার নাতির জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলকে শুভকামনা।’
আগামীকাল শনিবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের পরবর্তী ওয়েলসের বিপক্ষে। এরপর সোমবার ইংল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ আছে। এসব ম্যাচে খেলার কথা রোনালদোর ছেলের।
রোনালদো জুনিয়র যেন ঠিক বাবার পথেই হাঁটছেন। না, কেবল ফুটবলার হিসেবে নয়। যদি পেছনে তাকান, ২০০১ সালে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষিক্ত হন। এরপর তো ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফরম্যান্সে দ্রুতই জাতীয় দলেও জায়গা করে নেন।
এখন দেখার পালা, রোনালদো জুনিয়র ঠিক কতোটা বাবার পদাঙ্ক অনুসরণ করতে পারেন।

