ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদোর যেন থামার কোনো লক্ষণ নেই। নিজের লক্ষ্যের পানে তিনি ছুটে চলেছেন দুর্বার। এই পথচলায় কাল রাতে গড়েছেন আরেক রেকর্ড। দুনিয়ার প্রথম ফুটবলার হিসেবে তিনি স্পর্শ করেছেন ৯৫০ গোলের মাইলফলক।
ক’দিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তার টার্গেট ১০০০ গোল, এবং সেটা অর্জন না করে তিনি থামবেন না। হাজার গোল করতে ৪০ পেরোনো পর্তুগিজ তারকার এখন প্রয়োজন আর মাত্র ৫০ গোল।
কাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ২-০ গোলে হারায় আল-হাজমকে। রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন। প্রো লিগে এটি তার ৬ ম্যাচে নবম গোল।
রোনালদো ৮৮ মিনিটে গোল করেন। এ মৌসুমে ৭ ম্যাচে ৭ গোল হলো তার। এর মধ্যে প্রো লিগে ৬ ম্যাচে তার গোলসংখ্যা ৬টি। অপর গোলটি তিনি করেন সৌদি সুপার কাপে।
চলতি বছরের হিসাব ধরলে, এ বছর রোনালদো ৩৮ ম্যাচে গোল করেছেন ৩৪টি। ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ২৬টি, পর্তুগাল জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে ৮টি। রীতিমতো দুর্দান্ত এক বছর তার জন্য।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্যাপনের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে তিনি লিখেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।’
এদিকে, ফেলিক্স-রোনালদোর গোলে পাওয়া এ জয়ে চলতি মৌসুমের দুর্দান্ত শুরুটাও ধরে রাখল শীর্ষে থাকা আল নাসর। ৬ ম্যাচের প্রতিটিতে জেতা দলটির পয়েন্ট এখন ১৮।

