টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় ধাক্কা খেল পাকিস্তান। চোটে পড়ে বিগ ব্যাশ লিগ অসমাপ্ত রেখেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে শাহিন শাহ আফ্রিদিকে। বাঁহাতি এই পেসারকে দ্রুত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অস্ট্রেলিয়ায় চলমান বিগ ব্যাশে ব্রিজবেন হিটের হয়ে খেলছিলেন আফ্রিদি। গত শনিবার অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। দ্বিতীয় ইনিংসে ১৪তম ওভার করতে গিয়ে খোঁড়াতে দেখা যায় আফ্রিদিকে, তখন ডান হাঁটুর দিকেই ইঙ্গিত করছিলেন তিনি। শেষ পর্যন্ত এই চোটই তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে দেয়।
চোট ও দেশে ফেরার বিষয়টি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেন আফ্রিদি। তিনি লেখেন-
“আমাকে অগাধ ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য ব্রিজবেন হিট দল এবং সমর্থকদের কাছে কৃতজ্ঞ। অপ্রত্যাশিত চোটের কারণে, পিসিবি আমাকে দেশে ফিরতে বলেছে এবং সেখানে আমাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আশা করি, আমি শিগগিরই মাঠে ফিরব। এর মাঝে, আমি চমৎকার দলটিকে সমর্থন করে যাব।”
ব্রিজবেন হিট এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাডিলেইড থেকে দল ফেরার পর আফ্রিদির চোট নতুন করে মূল্যায়ন করা হবে। এরপরই তার দেশে ফেরার সময়সূচি চূড়ান্ত হতে পারে।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের অভিযান শুরু হওয়ার কথা। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান দল, তবে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি আফ্রিদিকে।
বিগ ব্যাশে নিজের প্রথম মৌসুমে খুব একটা ছন্দে ছিলেন না পাকিস্তানের এই তারকা পেসার। চার ম্যাচে মাত্র দুটি উইকেট পেয়েছেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন ১১.১৯। অভিষেক ম্যাচে তো ওভারে দুটি বিমার করায় বোলিং থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল তাকে।
চার ম্যাচে দুটি জয় ও দুটি পরাজয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ব্রিজবেন হিট।

