এশিয়ান কাপ বাছাইপর্বের মূল পর্বের আশা শেষ হয়ে গেলেও র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে নতুন মিশনে নামছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই সফরকে সামনে রেখে জাতীয় দলের প্রবাসী ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে নতুন সূচি।
হামজা চৌধুরীর অপেক্ষা ভিয়েতনামে
দেশের ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় কৌতুহল হামজা চৌধুরীকে নিয়ে। লেস্টার সিটির এই মিডফিল্ডার চোট কাটিয়ে উঠলেও ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন না। ক্লাব ফুটবলের ব্যস্ততা সেরে হামজা সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে মিলিত হবেন।
জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, “২১ মার্চ ক্লাবের শেষ ম্যাচ খেলে হামজা ২২ মার্চ ভিয়েতনামে আমাদের সঙ্গে যোগ দেবে। সেখান থেকে সে সিঙ্গাপুরে যাবে এবং ম্যাচ শেষ করে সরাসরি ইংল্যান্ডে ফিরে যাবে।”
ঢাকায় আসছেন শামিত-জায়ানরা
হামজা ভিয়েতনামে যোগ দিলেও অন্য প্রবাসী ফুটবলাররা ঠিকই ঢাকায় আসছেন। কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সোম ১৫ মার্চ ঢাকায় পা রাখবেন। এছাড়া জায়ান আহমেদ ১৪ মার্চ এবং ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী ১৬ মার্চ ক্যাম্পে যোগ দেবেন। ১৬ মার্চ থেকেই বসুন্ধরা কিংসের মাঠে শুরু হবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প।
ঈদ নয়, ফুটবলই অগ্রাধিকার
ঈদুল ফিতরের আমেজ থাকলেও ফুটবলারদের কোনো ছাড় দিচ্ছে না বাফুফে। ৩০ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু হলেও ভিয়েতনামের বিমানে উঠবেন ২৩ জন। আমিরুল ইসলাম বাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে খেলাটাকে প্রাধান্য দিচ্ছি। কোনো অবস্থাতেই কোনো খেলোয়াড়কে এই সময়ে ছাড় দেওয়া হবে না।”
কাবরেরার ভবিষ্যৎ ও সমীকরণ
৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে বর্তমানে টেবিলের তিনে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে হারের প্রতিশোধ নেওয়ার এটাই শেষ সুযোগ। তবে এই ম্যাচটি কোচ কাবরেরার জন্য অগ্নিপরীক্ষা। চুক্তি অনুযায়ী এটিই তাঁর শেষ ম্যাচ হতে পারে। বাফুফে জানিয়েছে, সিঙ্গাপুর ম্যাচের ফলাফল দেখার পরেই কাবরেরার চুক্তি নবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৬ মার্চের প্রীতি ম্যাচ খেলে ২৭ মার্চ সিঙ্গাপুরে পা রাখবে বাংলাদেশ দল।

