লিটন-তাসকিনদের জন্য আড়াই কোটি টাকার টুর্নামেন্ট আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করায় সংসদ নির্বাচনের আগেই নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ভাবনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই পরিকল্পনারই আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আজ। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নামের এই টুর্নামেন্টে দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে তিনটি দল গঠন করা হয়েছে। প্রাইজমানি ও ম্যাচ ফি মিলিয়ে টুর্নামেন্টটির মোট আর্থিক পুরস্কার আড়াই কোটি টাকা।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ঘরোয়া পর্যায়ে ‘ইম্প্যাক্ট খেলোয়াড়’ পদ্ধতি চালু করছে বিসিবি। কৌশলগত এই ব্যবস্থার মাধ্যমে ম্যাচের নির্দিষ্ট সময়ে খেলোয়াড় বদলের সুযোগ পাবেন দলগুলো, যা ভবিষ্যতের আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রস্তুতিতে বাড়তি অভিজ্ঞতা দেবে ক্রিকেটারদের।

তিন দলের মধ্যে ধূমকেতু একাদশের অধিনায়কত্ব পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে।

কোচিং স্টাফেও অভিজ্ঞতার ছাপ রেখেছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তাঁর সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে কাজ করবেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিদিন খেলা শুরু হবে বিকেল ৪টায়। ম্যাচের ফাঁকে দর্শকদের জন্য থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

তবে টুর্নামেন্টটি উপভোগ করতে দর্শকদের টিকিট কাটতেই হবে। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারির জন্য ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।