বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।তামিম ইকবাল। ছবি: সংগৃহিত

সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচিত নাম তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই ওপেনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে যান তিনি।

এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেও নিজেকে সরিয়ে নিলেন এই বাঁহাতি ব্যাটার।

বেশ কিছুদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা তামিম ইকবালের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নানা গুঞ্জন চলছিল। বিপিএলে খেলবেন কিনা, এটাও ছিল গুঞ্জনের মধ্যে।

শেষমেশ গুঞ্জন থামিয়ে তামিম নিজেই পরিষ্কার করলেন সব। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলবেন না।

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল খেলোয়াড় নিলাম (প্লেয়ার্স ড্রাফট)। এই ড্রাফট থেকে যাতে নিজের নাম তুলে নেওয়া হয়, সেই অনুরোধ বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে করেছেন তামিম।

তামিম বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। ড্রাফট থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ করেছি।’

২০১২ সালে বিপিএলের যাত্রা শুরু হয়। এরপর প্রতিটি আসরেই মাঠে দেখা গেছে তামিমকে। সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন, শিরোপাও জিতেছেন।

কিন্তু বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তাপ, তার ফিটনেস ইস্যু এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজি না থাকা—সবমিলিয়ে তামিম ইকবালের বিপিএলে অংশগ্রহণ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ঘটলোও তাই।