২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

২০২৪ সালে বার্বাডোসে ভারতের শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এই আসরটি কেবল ব্যাটারদের দাপট নয়, বরং আধুনিক ক্রিকেটের নতুন সব কৌশলের এক পরীক্ষাগার হতে যাচ্ছে। ক্রিকেটের ডাটা অ্যানালিটিক্স এবং গত এক বছরের ঘরোয়া লিগগুলোর প্রবণতা বিশ্লেষণ করলে ৫টি বিশেষ ট্রেন্ড এবার বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১. ‘রিটায়ার্ড আউট’ কি এখন নিয়মিত রণকৌশল?

একটা সময় ছিল যখন ব্যাটার ইনজুরিতে পড়লে মাঠ ছাড়তেন। কিন্তু ২০২৫ সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে ‘রিটায়ার্ড আউট’ একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে। গত বছর আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৬ বার এই ঘটনা ঘটেছে—যা ইতিহাসের মোট ঘটনার প্রায় ৫০ শতাংশ।

যদি কোনো ব্যাটার ক্রিজে এসে বল নষ্ট করেন, তবে দ্রুত রান তুলতে তাকে স্বেচ্ছায় তুলে নিয়ে নতুন ব্যাটার নামানোর এই সাহসী সিদ্ধান্ত এবার প্রতিটি দলেই দেখা যেতে পারে।

২. ডেথ ওভারে স্পিনারদের বাজিমাত

সাধারণত ইনিংসের শেষ ৫ ওভার মানেই ছিল পেসারদের ইয়র্কার আর স্লোয়ারের খেলা। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।

২০২৫ সালে ডেথ ওভারে স্পিনারদের ইকোনমি রেট ছিল ৭.৬৮—যা পেসারদের চেয়েও অনেক ভালো। বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কার মতো স্পিন-বান্ধব উইকেটে রশিদ খান বা বরুণ চক্রবর্তীদের ইনিংসের শেষে বল হাতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

৩. স্ট্রাইক রেটের নতুন ‘বেঞ্চমার্ক’

টি-টোয়েন্টি ক্রিকেটে রানের গতি বাড়ছে জ্যামিতিক হারে। গত বছর প্রথমবারের মতো সব ব্যাটারের সম্মিলিত স্ট্রাইক রেট ১৩০ ছাড়িয়েছে। ২০২১ সালে যেখানে প্রতি ২৩ বলে একটি ছক্কা হতো, ২০২৫ সালে তা নেমে এসেছে ১৭ বলে।

ভারতের অভিষেক শর্মার মতো ব্যাটাররা এখন শুরু থেকেই পাওয়ার-প্লে’র সর্বোচ্চ সুবিধা নিচ্ছেন, যার ফলে গড় ২০০ রান এখন অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়।

৪. রাইট-লেফট কম্বিনেশনে গম্ভীরের দর্শন

ভারত বর্তমানে বিশ্বের অন্যতম ফেভারিট দল এবং তাদের কোচ গৌতম গম্ভীর ডানহাতি-বাঁহাতি ব্যাটিং কম্বিনেশনের ওপর সর্বোচ্চ জোর দিচ্ছেন। গত এক বছরে ভারতের ব্যাটারদের খেলা ৫১ শতাংশ ডেলিভারি মোকাবেলা করেছেন বাঁহাতিরা।

এটি বোলারদের লেন্থ নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে এবং মাঠের ছোট বাউন্ডারিগুলোকে ব্যবহার করা সহজ করে দেয়।

৫. ‘ম্যাচ-আপ’ যখন অপ্রাসঙ্গিক

ক্রিকেটে এখন ‘ম্যাচ-আপ’ বা বোলার বনাম ব্যাটারের শক্তির লড়াই খুব জনপ্রিয়। তবে ২০২৬ বিশ্বকাপে দেখা যাচ্ছে, শীর্ষ সারির ব্যাটাররা তাদের দুর্বলতা কাটিয়ে উঠেছেন। যেমন—বাঁহাতি ব্যাটাররা এখন অফ-স্পিনের বিরুদ্ধেও সাবলীল।

অভিষেক শর্মা কিংবা ফিল সল্টের মতো ব্যাটাররা এখন আর নির্দিষ্ট বোলার দেখে রক্ষণাত্মক হন না, বরং প্রতিআক্রমণই তাদের মূল লক্ষ্য।