পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষ করেছে শ্রীলঙ্কা। এবার শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে।
এরমধ্যেই নতুন খবর, পাকিস্তান থেকে দেশে ফিরে যাচ্ছেন দুই লঙ্কান ক্রিকেটার। দলের অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো মূলত অসুস্থতার কারণেই দেশে ফিরছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরছেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না তারা। এ সতকর্তামূলক পদক্ষেপের কারণে ভবিষ্যত দায়িত্বে ফেরার আগে তাঁরা পর্যাপ্ত চিকিৎসা ও সময় পাবেন।’
আসালাঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। ফার্নান্দোর বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েককে দলে নেওয়া হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালে পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন লঙ্কান ক্রিকেটাররা। অনেকেই দেশে ফিরতে চান।
তবে পাকিস্তান তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে। শ্রীলঙ্কান বোর্ডও এগিয়ে আসে। পাকিস্তানে খেলা চালিয়ে যেতে ক্রিকেটারদের নির্দেশনা প্রদান করা হয়। যে খেলোয়াড় দেশে ফিরবেন, তার কর্মকাণ্ড মূল্যায়নে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে বলে হুশিয়ারি দেয় লঙ্কান বোর্ড।
ফলে কোনো ক্রিকেটার আর দেশে ফিরেননি। ভালোমতোই শেষ হয় ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কা হয় হোয়াইটওয়াশ।
আজ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

