হতাশায় মুছড়ে পড়েছে উলভস

চ্যাম্পিয়নশিপে উড়তে থাকা মিডলসবরো ছেড়ে যখন রব এডওয়ার্ডস প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা উলভারহ্যাম্পটনের দায়িত্ব নিলেন, ফুটবল দুনিয়া খানিকটা বিস্মিতই হয়েছিল। তখন তাঁর ব্যাখ্যাটা ছিল নিখাদ আবেগের— ‘খেলোয়াড় হিসেবে আমার সেরা সময় কেটেছে এখানে। এই ক্লাবের কোচ হওয়া ছিল আমার আজন্ম স্বপ্ন।’

স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু সেই স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে রূপ নিতে চলেছে। উলভস এখন দাঁড়িয়ে আছে প্রিমিয়ার লিগের ইতিহাসের এমন এক মোড়ে, যেটা কোনো ক্লাবই নিজের নামে লিখতে চায় না।

রব এডওয়ার্ডসের অধীনে এই মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে উলভস—জয় তো দূরের কথা, পয়েন্টই আসেনি। এর আগে মৌসুমের প্রথম ১১ ম্যাচে সাবেক কোচ ভিতর পেরেইরার অধীনে দলটি একটিও ম্যাচ জিততে পারেনি। সব মিলিয়ে লিগের প্রথম ১৮ ম্যাচ শেষে উলভসের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।

এই পরিসংখ্যান শুধু প্রিমিয়ার লিগ যুগেই নয়, ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরের ১২৩ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শুরু। এমন বাজে সূচনা আগে কোনো দলের হয়নি। এই গতিতে পুরো মৌসুম পার করলে, প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে খারাপ মৌসুম কাটানোর লজ্জার রেকর্ডও উলভসের নামেই উঠতে যাচ্ছে।

এর আগে ২০২০–২১ মৌসুমে শেফিল্ড ইউনাইটেড ১৮ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে ছিল এই তালিকার তলানিতে। উলভস সেই রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে অনেক আগেই। আরও উদ্বেগজনক ব্যাপার হলো—প্রিমিয়ার লিগের ইতিহাসে এত খারাপ অবস্থান থেকে অবনমন এড়ানোর নজির নেই।

তাই প্রশ্নটা এখন আর অবনমন হবে কি না, সেটা নয়। বরং বড় প্রশ্ন—২০০৭–০৮ মৌসুমে ডার্বি কাউন্টির গড়া ১১ পয়েন্টের ‘লজ্জার রেকর্ড’ কি ভেঙে ফেলবে উলভস? প্রিমিয়ার লিগে এর চেয়ে কম পয়েন্ট নিয়ে আর কোনো দল মৌসুম শেষ করেনি।

সংখ্যাগুলো আরও ভয় ধরাচ্ছে। উলভসের বর্তমান ম্যাচপ্রতি পয়েন্ট পাওয়ার হার মাত্র ০.১১। এই গতিতে এগোলে ৩৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াবে মাত্র ৪ বা ৫। সেটা শুধু নতুন রেকর্ড নয়, আগের সব রেকর্ডকে কার্যত চুরমার করে দেওয়ার মতো ঘটনা হবে। যদিও পুরো মৌসুম এভাবে চলাটাও অবাস্তব। কিন্তু সমস্যা হলো—এই মুহূর্তে উলভসের খেলায় পয়েন্ট আসার কোনো স্পষ্ট উৎসই চোখে পড়ছে না।

উলভসের সামনে পথটা আরও কঠিন হয়ে উঠছে। পরের ম্যাচই ওল্ড ট্রাফোর্ডে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপর আছে ইতিহাদ স্টেডিয়ামের মতো কঠিন সব পরীক্ষা। প্রতিটি ম্যাচ যেন একেকটা পাহাড় ডিঙানোর লড়াই।

সব মিলিয়ে মলিনু স্টেডিয়ামের আকাশে এখন শুধু হতাশার মেঘ নয়, ঘন কালো মেঘের গর্জন। স্বপ্ন নিয়ে আসা রব এডওয়ার্ডসের সামনে এখন একটাই বাস্তবতা—এই দুঃস্বপ্ন থেকে বেরোতে না পারলে, উলভসের নামটা চিরদিনের জন্য লেখা হয়ে যাবে প্রিমিয়ার লিগের সবচেয়ে অন্ধকার পাতায়।