ইতালির হয়ে খেলা এমিলিও গে খেলতে চান ইংল্যান্ড দলেএমিলিও গে। ছবি: Rex Features

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) নিলামে নাম ওঠলো এমিলিও নিকো গে’র। খানিকটা কৌতুহল সবার মধ্যে। কেউ কেউ প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তাকিয়ে।

কারণ, এমিলিও গে’কে তাৎক্ষণিক সবাই চিনতে পারেননি। তবে অনেকেই তাকে চিনেছেন। যেমন রংপুর রাইডার্সের কথা বলা যায়। এই ফ্র্যাঞ্চাইজি এমিলিওর মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছে, তাই তাকে দলে টেনে নিয়েছে।

নিলামে এমিলিও গে’কে ভিত্তিমূল্য ১০ হাজার ডলারে রংপুর রাইডার্স দলে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে বেশ আলোচনা। তিনি কে, কোন দেশের, কোথায় খেলেন….নানান প্রশ্ন।

এমিলিও নিকো গে’র জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। তার বাবার পরিবার গ্রেনাডার, মায়ের পরিবার ইতালির।

ইতালির জাতীয় দলে খেললেও ২৫ বছর বয়সী এমিলিওর মূল লক্ষ্য ইংল্যান্ড দলের হয়ে খেলা। এই লক্ষ্য পূরণে বেশ এগিয়েও গেছেন তিনি। জায়গা পেয়েছেন ইংল্যান্ড ‘এ’ দলে।

গেল জুলাইয়ের ৫ তারিখে ইতালির হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। এরপর খেলেছেন আরও দুটি। ৩ ম্যাচে এক ফিফটিতে রান ৬৪। তবে স্ট্রাইক রেট ২১৩!

যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এমিলিও, সেগুলো ছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের ফাইনালের ম্যাচ। তাতে সফল হয়ে ইতালি প্রথমবারের মতো আইসিসির কোনোও বড় টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে।

‘সিডনি টেস্ট ক্রিকেটে’ খেলবেন মুমিনুল হক

এমিলিও গে সাময়িকভাবে ইতালির হয়ে খেললেও তার লক্ষ্য, ইংল্যান্ড দলে খেলার স্বপ্ন থেকে বিচ্যুত হননি। কিন্তু ইতালির হয়ে কেন খেলছেন তিনি?

সেই উত্তর দিলেন এমিলিও, “আমার প্রধান লক্ষ্য লাল বলের ক্রিকেটে দাপট দেখানো। কাউন্টি ক্রিকেটে এখনই আমি বেশ পরিচিত মুখ। তাই এখন সাদা বলেও উন্নতি করতে চাই। আর সে কারণেই ইতালির হয়ে খেলছি এখন।”

ইংল্যান্ড দলে সুযোগ পেতে সঠিক ট্র্যাকেই যে আছেন তিনি, তা পারফরম্যান্সে বোঝা যায় কিছুটা। কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন তিনি। ৬৭ ম্যাচে ১১৬ ইনিংসে ৩৭.৩৮ গড়ে রান করেছেন ৪১৫০। ১০টি সেঞ্চুরি, ১৭টি হাফ সেঞ্চুরি। আছে ২৬১ রানের ইনিংসও।

গেল ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার পার্থে লিলাক হিলে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলে ইংল্যান্ড লায়নস (ইংল্যান্ড ‘এ’)। ইংল্যান্ড দলে সুযোগ পান এমিলিও। প্রথম ইনিংসে ওয়ানডাউনে ব্যাট করতে নেমে করেন ৮৭ বলে ৭৮ রান। দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে ৪৭ বলে ৩২।

এরপর ইংল্যান্ড একাদশের হয়ে ২৯ নভেম্বর দুইদিনের ম্যাচ খেলতে নামেন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার’স একাদশের বিপক্ষে। একমাত্র ইনিংসে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৬১ বলে ৫৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে যান, যাতে অন্যরা ব্যাটিংয়ের সুযোগ পান।

এসব পারফরম্যান্স এমিলিও গে’র স্বপ্নে সামনে এগিয়ে যাওয়ার ধাক্কা দিয়ে যাচ্ছে।

আসন্ন বিপিএলে দারুণ কিছু করে তিনি স্বপ্নের ফানুসে নতুন হাওয়া দিতে চাইবেন নিশ্চিতভাবেই।