বিপিএল ঘিরে নাটক কম হয় না। প্রতি বছর! এবারও বাদ যাচ্ছে না কোনো নাটক, কোনো অব্যবস্থাপনা।
কখনো টুর্নামেন্ট শুরুর সময় পেছাচ্ছে, কখনো নিলাম। কখনো উদ্বোধনী পর্ব নিয়ে চলছে জলঘোলা।
সর্বশেষ খবর হচ্ছে, বিপিএল সিলেট পর্ব দিয়ে নয়, ঢাকা পর্ব দিয়েই মাঠে গড়াবে।
আজ সোমবার বিসিবি সূত্রে জানা গেছে এমন তথ্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ২৬ ডিসেম্বর। ছয় দলের এই টুর্নামেন্ট বিসিবি এবার সিলেট থেকে শুর করতে চেয়েছিল। কিন্তু ওই সময় নাকি সিলেটে ‘আবাসন সংকট’ থাকবে! সোজা কথায়, হোটেলগুলোতে পর্যাপ্ত রুম পাওয়া যাবে না। এজন্যই সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে।
বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানালেন, (ওই সময়) সিলেটে চিকিৎসকদের একটি সম্মেলন আছে বলে জেনেছেন তারা। যে কারণে ওই সময় হোটেলে প্রয়োজনীয় রুম ফাঁকা ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা পাচ্ছেন না তারা। ঢাকাতেই তাই শুরু হবে বিপিএলের প্রথম পর্ব।
পড়ুন আরও:
নতুন সিদ্ধান্ত অনুসারে, ঢাকা পর্ব দিয়ে আসর মাঠে গড়াবে। চলবে চারদিন। ম্যাচ হবে ৮টি। এরপর শুরু হবে সিলেট পর্ব। এ পর্ব চলবে পাঁচদিন, ম্যাচ হবে ১০টি।
সিলেট থেকে বিপিএল যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে ছয়দিনে ম্যাচ হবে ১২টি। এরপর ফের ঢাকা, সেখানে হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচ। পরে ফাইনাল দিয়ে শেষ হবে এক মাসের টুর্নামেন্ট।
বিসিবি জানিয়েছে, ম্যাচ টানা হবে না। ভ্রমণক্লান্তি, ম্যাচক্লান্তি, অনুশীলন এসবের জন্য বিরতি দিয়ে ম্যাচ হবে।

