অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরে গেছে ইংল্যান্ড। এবার দ্বিতীয় টেস্টের আগে দলের কৌশল নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি সমালোচনা করেছেন, পরামর্শ দিয়েছেন; সঙ্গে ‘বাজবলের অহংকার’ ঝেড়ে ফেলতেও বলেছেন।
ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বিবিসি রেডিও ফাইভ লাইভে সাক্ষাৎকার দিয়েছেন মাইকেল ভন। তিনি সরাসরি বলেন, পার্থে ইংল্যান্ডের খেলায় ‘বাজবলের অহংকার’ ছিল। এই অহংকার সবসময় কাজের কিছু নয়।
ভন বলেন, “বল যখন দ্রুত সুইং করছে, তখন বিপদের দিকে দৌড়ানো বুদ্ধিমানের কাজ নয়। একটু পুরনো ধাঁচে খেলতে শিখতে হবে। আমি বলছি না সবাইকে জিওফ বয়কট বা অ্যালাস্টার কুকের মতো সারাক্ষণ রক্ষণাত্মক খেলতে হবে। কিন্তু বল যখন মুভমেন্ট করছে, তখন ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হবে।”
অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে কিভাবে খেলতে হবে, সেই পরামর্শ দিয়েছেন ভন। স্টার্ক দিবা-রাত্রির টেস্টে মাত্র ১৭.০৯ গড়ে উইকেট নিয়েছেন ৮১টি। দিবা-রাত্রির টেস্টে তার পারফরম্যান্সই সেরা।
ভন কথা বলেন স্টার্ককে নিয়ে, “স্টার্ক সব সময় উইকেট শিকারের জন্য বোলিং করে। আপনি যদি অফ স্টাম্পের বাইরে কিছু বল ছেড়ে দেন, সে বাধ্য হবে স্টাম্পে বল ফেলতে। তখনই সুযোগ আসবে।”
ইংলিশদের বোলিং নিয়েও উদ্বেগ আছে ভনের। মার্ক উড চোটের কারণে ব্রিসবেনে নেই। স্পিনার শোয়েব বশির অথবা অলরাউন্ডার উইল জ্যাকসকে একাদশে দেখা যেতে পারে।
তবে ভন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, “এই কন্ডিশনে ইংল্যান্ডের তেমন মানসম্পন্ন স্পিনার নেই। আমি হলে সব পেসার নিয়েই নামতাম। জশ টং দারুণ উইকেট শিকারি—আমার দলে সে থাকত।”
অধিনায়ক বেন স্টোকসের বোলিং নিয়েও মন্তব্য করেছেন মাইকেল ভন। স্টোকসকে আরও আগে বোলিংয়ে দেখতে চান তিনি, “পার্থ টেস্টে তাকে আগে বোলিং করানো দরকার ছিল। সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেমনটা একসময় ইয়ান বথাম পারতো।”

