সময়টা ভালো যাচ্ছে না উসমান খাজার। ব্যাট কথা শুনছে না, সঙ্গে চোট। অ্যাশেজের প্রথম টেস্টে দলে থেকেও যেন ছিলেন না। এবার দ্বিতীয় টেস্ট থেকে তিনি বাদই পড়ে গেলেন। খাজার বাদ পড়ার দিনে আরেকজন পেয়েছেন সুখবর। দীর্ঘ অপেক্ষা শেষে ইংল্যান্ড টেস্ট একাদশে জায়গা পাচ্ছেন অলরাউন্ডার উইল জ্যাকস।
আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দিবা-রাত্রির ম্যাচটি হবে গোলাপি বলে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার জানিয়েছে, অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না উসমান খাজা। পিঠের চোট থেকে তিনি সেরে ওঠতে পারেননি। দলের সঙ্গে থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার বদলি হিসেবে কাউকে দলে ডাকেনি স্বাগতিকরা।
খাজা পার্থে প্রথম টেস্টের প্রথম দিন চোট পান। ফলে টেস্টের উভয় ইনিংসে তিনি ওপেন করতে পারেননি। প্রথম ইনিংসে চার নম্বরে নেমে দুই রানে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে চোটের কারণে নামতে পারেননি, পরে দলের আর প্রয়োজন হয়নি। ওপেন করতে নেমে ট্রাভিস হেড বিধ্বংসী ব্যাটিংয়ে ৮৩ বলে ১২৪ রান করে দলকে অবিস্মরণীয় এক জয় এনে দেন।
খাজা না থাকায় ব্রিসবেন টেস্টেও ওপেন করবেন হেড। খাজার সেরে ওঠতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। ফলে ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
মূলত উসমান খাজার ক্যারিয়ারই এখন শঙ্কার মুখে। ৩৯ বছর হয়ে গেছে তারা। শেষ ১১ ইনিংসে কোনো ফিফটি নেই। এর মধ্যে ওপেনিংয়ে ট্রাভিস হেড যে ভয়াল রূপ দেখিয়েছেন, যদি আবার তিনি সফল হন, তাহলে খাজার ফেরা কঠিন হয়ে যাবে।
জ্যাকসের অপেক্ষা ফুরালো
উইল জ্যাকসের টেস্ট অভিষেক ২০২২ সালে। ওই বছরের পর আর টেস্ট খেলা হয়নি তার। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আবার সাদাপোশাকের ক্রিকেটে খেলতে যাচ্ছেন ইংলিশ এই অলরাউন্ডার।
দিবা-রাত্রির ব্রিসবেন টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। তাতে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী জ্যাকস।
চলতি অ্যাশেজ সিরিজ দিয়ে তিন বছর পর টেস্ট দলে ফেরেন জ্যাকস। তবে প্রথম টেস্টের একাদশে ছিলেন না। এবার দ্বিতীয় টেস্টে জায়গা পেয়ে গেলেন।
জ্যাকস ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে অভিষিক্ত হন। পরে মুলতান টেস্টেও খেলেন। দুই টেস্টে করেন ৮৯ রান। সঙ্গে ৬ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে ২৫৯১ রান করেছেন জ্যাকস। টি-টোয়েন্টিতে ৫ সেঞ্চুরি ও লিস্ট ‘এ’তে একটি শতক আছে তার। আর বল হাতে প্রথম শ্রেণিতে ৪৯টি, লিস্ট ‘এ’ তে ১৭টি ও টি-টোয়েন্টিতে ৮০টি উইকেট নিয়েছেন তিনি।
ইংলিশদের একাদশ থেকে চিটকে গেছেন মার্ক উড। চোট পেয়েছেন তিনি। জায়গা হয়নি বিশেষজ্ঞ স্পিনার শোয়েব বাশিরেরও।
পেস বোলিং বিভাগে আছেন জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তন আনেনি সফরকারীরা।
ব্রিজবেন টেস্টের ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।

