বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস

আয়ারল্যান্ডকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। প্রথমটিতে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিটন দাসের দল।

স্বভাবতই উৎফুল্ল লিটন। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে খানিকটা হাসিঠাট্টায়ও মাতলেন তিনি।

বিপিএলের নিলাম হয়েছে রোববার। ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন লিটন দাস। তাকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।

আজ সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে প্রশ্ন করা হচ্ছিল লিটন কুমার দাসকে। প্রশ্নটা ছিল এরকম, ‘৭০ লাখ টাকায় রংপুর রাইডার্সে আপনাকে নেওয়া হয়েছে….’

এটুকুই শুনে প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে লিটন জানতে চাইলেন, ‘৭৫ লাখ না…?’
তাকে আবার বলা হয়, ৭০ লাখ টাকা। লিটন আবার জিজ্ঞেস করেন, ‘৭০ না ৭৫…?’ ফের বলা হয় ৭০ লাখ। তখন হাসতে হাসতে লিটন বলেন, “৫ লাখ বাড়িয়ে দিন, সমস্যা নেই….!”

লিটন নিলাম দেখেননি। তিনি মনে করেছিলেন, তাকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বাংলাদেশ অধিনায়ক বলেন, “নিলাম ভালো, তবে দেখিনি আমি। কারণ জিমে ব্যস্ত ছিলাম। আমার কাছে মনে হয়েছে, জিম করাটা গুরুত্বপূর্ণ ছিল ওই সময়ে। অবশ্যই, পরবর্তীতে যদি আবার সুযোগটা হয়, দেখবো।”

“কিন্তু…দেখুন, সেটা (নিলাম) আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। আমি ঈশ্বরে বিশ্বাস করি। যদি কখনও তিনি চান যে আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। উনার মনে হয়েছে যে ৭০ লাখ যথেষ্ট, কাজেই যথেষ্টই।”

‘৭০ লাখ পেয়ে আক্ষেপ নেই?’ প্রশ্ন ছুড়ে দেওয়া হলো তাকে।

লিটনের সাফ জবাব, “বললাম না, আমি ঈশ্বরে বিশ্বাস করি! যেটা আছে, আমি সেটা নিয়েই খুশি।”

লিটন খুশি। তাকে যে আশায় দলে নিয়েছে রংপুর, সে আশা পূর্ণতা পেলে তারাও খুশি হবে। সবচেয়ে বড় কথা, লিটনের ব্যাট কথা বললে খুশি হবে বাংলাদেশ।

BPL: কোন দল কাকে নিল